হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ৯ লাখ টাকার নষ্ট ইনসুলিন ও ভ্যাকসিন জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে ওষুধের বৃহত্তম পাইকারি বাজার হাজারী গলিতে অভিযান চালিয়ে ৯ লাখ টাকার নষ্ট ইনসুলিন ও টিটেনাস ভ্যাকসিন জব্দ করা হয়েছে। এ সময় তিন ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আজ শনিবার নগরের কোতোয়ালী থানাধীন ওই বাজারটিতে তিন দোকানে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও পুলিশ এই অভিযানে অংশ নেয়। 

অভিযানে নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি বলেন, ‘আমাদের কাছে অভিযোগ ছিল নির্দিষ্ট কয়েকটি ফার্মেসির ইনসুলিন কাজ করে না। প্রকৃতপক্ষে এর ভেতর অধিকাংশ ইনসুলিন লাগেজে করে বিদেশ থেকে আসা। এগুলো অননুমোদিত। বাইরে থেকে আনার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, ফলে সেগুলোর কার্যকারিতা তখনই শেষ হয়ে গেছে।’ 

তিনি জানান, আজ শনিবার হাজারী গলির ছবিলা কমপ্লেক্সে অবস্থিত প্যাসিফিক ট্রেডার্স নামের একটি দোকান থেকে ৩ লাখ টাকার নষ্ট ইনসুলিন জব্দ করা হয়। সেখানে দেখা গেছে প্রতিটি ইনসুলিনের গায়ে ইনসুলিন ২–৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। এর ফলে ইনসুলিনের কার্যকারিতা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। 

এ সময় দোকান মালিক অভিযুক্ত পল্লব বিশ্বাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর একই অভিযোগে নিরুপমা ড্রাগ হাউস এবং রাজীব ড্রাগ হাউসে অভিযান চালানো হয়। সেখানেও আনুমানিক আরও ৬ লাখ টাকার নষ্ট ইনসুলিন জব্দ করা হয়। 

পাশাপাশি রাজীব ড্রাগ হাউসে প্রচুর পরিমাণ টিটিনাসের টিকা পাওয়া যায়, যেগুলোও ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা কথা ছিল, কিন্তু সেগুলো ফেলে রাখা হয়েছে সাধারণ তাপমাত্রায়। এ সময় দুই দোকান মালিককে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। 

মূলত বেশি লাভের আশায় ব্যবসায়ীরা সঠিক তাপমাত্রায় ইনসুলিনগুলো সংরক্ষণ না করে পাইকারি দরে বিক্রি করেন বলে জানান তিনি। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী কমিশনার সুলতানুল আরেফীন এবং কোতোয়ালি থানার উপপরিদর্শক মেহেদী হাসান।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ