হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মন্ত্রী নুরুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ছবি: সংগৃহীত

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তাঁর স্ত্রী হোসনে আরা বেগমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এসব নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব নির্দেশনা দেন। দুদকের বিশেষ পিপি রুহুল ইসলাম খান দুদকের পক্ষে শুনানি করেন। দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন নিষেধাজ্ঞার আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, নুরুজ্জামান মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ঘুষ-বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ মামলা করা হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে।

দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, তাঁরা যেকোনো মুহূর্তে দেশত্যাগ করতে পারেন। তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন। অন্যদিকে মামলার সঠিক তদন্তের স্বার্থে রংপুর কর অঞ্চলে দাখিল করা আয়কর নথি জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন এবং আয়কর নথি জব্দের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি রাত ৯টার দিকে সাবেক মন্ত্রী নুরুজ্জামানকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির মধ্যে তাঁর এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক ব্যক্তির নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে কারাগারে নেওয়া হয়।

গ্রেপ্তার হওয়ার পর ৩ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ, তাঁর স্ত্রী মোছা. হোসনে আরা ও ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রথম মামলায় নুরুজ্জামানের বিরুদ্ধে ৫ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৭২ টাকার সম্পদ অবৈধ অর্জন এবং ৩১টি ব্যাংক হিসাবে ৬২ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তাঁর স্ত্রী মোছা. হোসনে আরা বেগম ও নুরুজ্জামানের বিরুদ্ধে ১ কোটি ২২ লাখ ৯৯ হাজার ১৬৬ টাকার অবৈধ সম্পদ এবং ২৫টি ব্যাংক হিসাবের ৫০ কোটি ৪৩ লাখ ১৬ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে দ্বিতীয় মামলায়। আর তৃতীয় মামলায় নুরুজ্জামানের সঙ্গে আসামি করা হয়েছে তাঁর ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদকে।

এ মামলায় বাবার ক্ষমতার অপব্যবহার করে আয়ের সঙ্গে অসংগতিহীন ২ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৪৫০ টাকার সম্পদ অর্জন এবং রাকিবুজ্জমানের নিজ নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২২ কোটি ৪৩ লাখ ২ হাজার ৯২৫ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগ করা হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল