হোম > সারা দেশ > রাজশাহী

অফিস শুরুর আগেই শেষ ‘বিশেষ’ ফাইলের কাজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন করে রাজশাহীর নাগরিক সমাজ। গতকাল সকালে তোলা। ছবি আজকের পত্রিকা

রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে এখনো ভোগান্তি পোহাতে হয় পাসপোর্টপ্রত্যাশী সাধারণ মানুষকে। তবে যাঁরা ‘অসাধারণ’ বা ‘বিশেষ’ (দালালের মাধ্যমে আসা ব্যক্তি), তাঁদের ফাইলে সই হয় অফিস সময় শুরুর আগেই। তারপর এসব ফাইলের পাসপোর্টপ্রত্যাশীদের ছবি তোলার কাজ শুরু হয়। অথচ সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।

এমন অনিয়মের অভিযোগ তুলে এর প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়েছে রাজশাহীর নাগরিক সমাজ। গতকাল বুধবার সকালে নগরের শালবাগান বাজারে পাসপোর্ট অফিসের সামনে মানববন্ধন করে এই অনিয়ম দূর করার দাবি জানান তাঁরা। পরে উপপরিচালক রোজী খন্দকারের সঙ্গে দেখা করে নাগরিক সমাজের প্রতিনিধিরা অনিয়ম দূর করতে এক মাসের সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে ভোগান্তি দূর না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

‘ভুক্তভোগী রাজশাহীর সাধারণ জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ক্যাবের রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলার সম্পাদক মাহমুদুল হক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, তাঁরা লক্ষ করেছেন, দালালের মাধ্যমে আসা বিশেষ ফাইলগুলো সরাসরি দোতলায় উপপরিচালক রোজী খন্দকারের কক্ষে নিয়ে যাওয়া হয়। তিনি এসব ফাইলে সই করে দেন। তারপর দোতলাতেই সহকারী পরিচালক এসব ফাইল কম্পিউটারে এন্ট্রি করেন। এরপর দ্রুত সময়ের মধ্যে ফাইলগুলো নিচতলায় চলে আসে। সেখানে ছবি তুলে দ্রুত সময়ের মধ্যেই পাসপোর্টপ্রত্যাশীরা বাড়ি ফিরে যান। আর যাঁরা দালালকে অতিরিক্ত টাকা না দিয়ে নিজেরাই এসে লাইনে দাঁড়ান, তাঁদের ঘণ্টার পর ঘণ্টা নিচতলায় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।

রোজী খন্দকার এসব অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।

এদিকে অফিসে ঢুকে ‘উচ্চস্বরে ধমক দেওয়া’ ও ‘বকাবকি’ করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ পাঠিয়েছেন উপপরিচালক রোজী খন্দকার। গতকাল বিকেলে তিনি রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ওসির কাছে এই লিখিত অভিযোগ পাঠান।

নগরের চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, ‘ডিডি রোজী খন্দকারের অভিযোগের বিষয়ে সিনিয়রদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিব।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা