হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে বইছে তাপপ্রবাহ, জনজীবনে হাঁসফাঁস

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বাড়ছে প্রতিদিন গরম। গরম থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রমিকরা মুখোমন্ডলে একটু পানি দিচ্ছে। ছবিটি নগরী কাদিরগঞ্জ এলাকা থেকে আজ দুপুর বেলা তোলা। ছবি: মিলন শেখ।

দুই দিন ধরে রাজশাহীর ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সূর্যের প্রখর তাপে সকাল থেকে তেতে উঠছে পথঘাট। সেই সঙ্গে বইছে লু হাওয়া। এতে জনজীবনে হাঁসফাঁস শুরু হয়েছে। এ অবস্থায় ঈদের বাজারমুখী মানুষ ছাড়া শহরের রাস্তায় কেউ বের হচ্ছেন না।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, আজ শনিবার বেলা ২টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ দিন ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটিই ছিল রাজশাহীর চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া অফিস বলছে, কোনো এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। আর ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকলে তা মাঝারি তাপপ্রবাহ। সে অনুযায়ী দুই দিন ধরে রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ চলছে। এর আগে গত ২১ মার্চ ছিল মৃদু তাপপ্রবাহ।

রাজশাহীতে গরম পড়তে শুরু করেছে। ছবি: মিলন শেখ

আজ দুপুরে নগরের দড়িখড়বোনা এলাকায় কথা হয় রিকশাচালক মো. সাইফুলের সঙ্গে। তিনি বলেন, ‘সকাল থেকে রাস্তার পিচ গরম হয়ে যাচ্ছে। একটু বেলা বাড়লে তাপে মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে। তারপরও বিশ্রাম নাই। ঈদে টাকার দরকার। তাই বেরিয়েছি।’

রেলগেট এলাকায় কথা হয় আখের রস বিক্রেতা তুহিন আলীর সঙ্গে। তিনি বলেন, ‘রোজার শুরু থেকে এবার রসের চাহিদা বেশি। গরম পড়ার সাথে সাথে চাহিদা অনেক বেড়ে গেছে। সারা দিন রোজা রেখে মানুষ এই গরমে তৃপ্তি পেতে আখের রস কিনে নিয়ে যাচ্ছেন। তবে গরমের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে আমারই হাঁসফাঁস লেগে যাচ্ছে। প্রচণ্ড গরম।’

রাজশাহীতে বাড়ছে প্রতিদিন গরম। গরম থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রমিকরা মুখোমন্ডলে একটু পানি দিচ্ছে। ছবিটি নগরী কাদিরগঞ্জ এলাকা থেকে আজ দুপুর বেলা তোলা। ছবি: মিলন শেখ।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আনোয়ারা খাতুন জানান, রাজশাহীতে সর্বশেষ ২১ ও ২২ মার্চ ৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তখন সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসে নামে। ২৩ মার্চ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। গতকালের চেয়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও গরম কমেনি।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা