হোম > সারা দেশ > রাজশাহী

‘সাংবাদিক নির্যাতনের বড় হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইন’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিক নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার বলে মন্তব্য করেছেন রাজশাহীর কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এই মন্তব্য করেন।  

আজ শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে রাজশাহীর সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী। এ সময় শামসুজ্জামান শামসের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে মাহবুব সিদ্দিকী বলেন, ‘প্রথম আলো সম্পাদকের মতো একজন বিশিষ্ট নাগরিককে হয়রানি এবং রাতের অন্ধকারে নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে বাসা থেকে ভুলে নেওয়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা দেখতে পেয়েছি, সাংবাদিক নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। ভিন্নমত ও সরকারের সমালোচনা দমনে এই আইনের লাগামহীন অপপ্রয়োগ চলছে। ফলে দেশে একটি ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। অনেক সাংবাদিক পেশা পরিবর্তন করছেন, অনেকে দেশ ছেড়েছেন। দেশে অনুসন্ধানী সাংবাদিকতা নেই বললেই চলে। ফলে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও লুটপাট চললেও এসব সংবাদ প্রকাশ কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে।’ 

মাহবুব সিদ্দিকী আরও বলেন, ‘কোনো সংবাদ প্রকাশে কেউ ব্যক্তি সংক্ষুব্ধ হলে তিনি প্রতিবাদ জানাতেই পারেন এবং প্রচলিত আইনে প্রতিকারও চাইতে পারেন। কিন্তু এভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের আইনের শাসনের পরিপন্থী। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে গণমামলা দায়ের ও গ্রেপ্তার করার ফলে দেশে মুক্তচিন্তা, বাক্‌স্বাধীনতা এবং স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে কন্ঠরোধ করার মতো পরিস্থিতি তৈরি করবে। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিল করার আহ্বান জানাচ্ছি।’ 

সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, আইনজীবী হাসনাত বেগ, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী প্রমুখ উপস্থিত ছিলেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা