হোম > অর্থনীতি

আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর অনুরোধ এফবিসিসিআইয়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জরিমানা ছাড়া আয়কর রিটার্ন জমার দেওয়ার জন্য মাত্র আর ৭ দিন সময় রয়েছে। আয়কর রিটার্ন জমার সময় বাড়ানোর আবেদন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর চিঠিতে সংগঠনটি বলেছে, রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো প্রয়োজন।

কারণ হিসেবে এফবিসিসিআই বলেছে, নতুন আয়কর আইন, ২০২৩ প্রতিপালন ও আয়কর পরিপত্র বিলম্বে প্রকাশের কারণে এবার কারদাতারা প্রস্তুতি নেওয়ার তেমন সময় পাননি। সেই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে অনেক করদাতার পক্ষেই ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হবে না।

এফবিসিসিআইয়ের সভাপতি মো. মাহবুবুল আলমের সই করা চিঠিতে সংগঠনটি বলেছে, বিভিন্ন বাণিজ্য সংগঠন থেকে এফবিসিসিআইয়ের কাছে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির অনুরোধ করা হয়েছে। এই পরিস্থিতিতে আয়কর আইন, ২০২৩-এর ৩৩৪ নম্বর ধারার আলোকে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির অনুরোধ করেছে এফবিসিসিআই।

নতুন আয়কর আইনে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। রিটার্ন জমার সময়সীমা বৃদ্ধি করতে হলে কর দিবস ৩০ নভেম্বরের পর অন্য কোনো দিনে পালনের ঘোষণা দিতে পারে এনবিআর।

এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৯৪ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। গত অর্থবছরে ৩৫ লাখ ২৯ হাজার রিটার্ন দাখিল করা হয়েছিল।

এর আগে, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন রিটার্ন জমার সময়সীমা আরও দুই মাস বাড়ানোর দাবি জানায়। গত ৮ নভেম্বর এনবিআর চেয়ারম্যানকে এ ব্যাপারে চিঠি দেন সংগঠনটির সাধারণ সম্পাদক তৌহিদ উজ্জামান খান।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল