হোম > অর্থনীতি

বিএসইসির নতুন কমিশনার আলী আকবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবর। তিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্বও পালন করেছেন।

আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব ফরিদা ইয়াসমিন।

এ বিষয়ে আলী আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে জানানো হয়েছে। আমি প্রস্তুত। আশা করি আগামীকাল (বৃহস্পতিবার) যোগদান করব।’

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আলী আকবরকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুসারে নিয়োগের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য বিএসইসির কমিশনার পদে নিয়োগ করা হলো। তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

মো. আলী আকবরের নিয়োগের মাধ্যমে বিএসইসিতে তিন কমিশনারের পদ পূরণ হলো। এখনো একজন কমিশনারের পদ ফাঁকা রয়েছে।

আইন অনুযায়ী, বিএসইসির পাঁচ সদস্যের কমিশনের সভার কোরাম পূর্ণ হতে চেয়ারম্যান ছাড়াও তিনজন কমিশনারের উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু, আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ দুজন কমিশনার পদত্যাগ করেন। পরে খন্দকার রাশেদ মাকসুদকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও কোরাম সংকটের কারণে কমিশন সভা হচ্ছিল না। নতুন কমিশনার মো. আলী আকবর যোগদান করলে চেয়ারম্যান ও তিন কমিশনারের উপস্থিতিতে নিয়মিত কমিশন সভা করা সম্ভব হবে।

২০১৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পান কুমিল্লা জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আলী আকবর। ২০২২ সালে তিনি অবসর উত্তর ছুটিতে যান।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল