হোম > শিক্ষা

গুগলে চাকরির ডাক পেয়েছেন ঢাবি শিক্ষার্থী সাফায়েত 

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী সাফায়েত উল্যাহ। তিনি চাকরির সুযোগ পেয়েছেন গুগলের তাইওয়ান অফিসে ‘গুগল পিক্সেল টিমে’ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। 

মঙ্গলবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তিনি। 

ফেনীর ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ফেনী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সুযোগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের পড়াশোনা শেষ করে বর্তমানে ইনোসিস সলিউশনস নামে ঢাকার একটি সফটওয়্যার কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে  চাকরি করছেন। ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া ইউনিয়নের নাছির গ্রামে সাফায়েতের জন্মস্থান। 

কখন বিষয়টি গুগল নিশ্চিত করেছে এবং কবে নাগাদ নিয়োগ হবে জানতে চাইলে তিনি বলেন, ৩ সেপ্টেম্বর গুগল থেকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। ডিসেম্বরের শেষ দিকে গুগলে যোগ দেওয়ার কথা হয়েছে। তবে বিষয়টি ভিসা পাওয়ার ওপর ভিত্তি করে হচ্ছে। 

সাফায়েত বলেন, `আমার জীবনের স্বপ্নের একটি প্রতিষ্ঠান ছিল গুগল। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পড়াশোনা করা প্রায় সবাই এমন স্বপ্ন দেখে। সেখানে আমি যেতে পেরেছি এটা আমার জন্য ও আমার পরিবারের জন্য অনেক বড় পাওয়া। সব মিলিয়ে অনেক ভালো লাগছে।' 

অনুভূতি প্রকাশ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী বলেন, এত বড় একটা জায়গায় কাজ করার সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে। চেষ্টা থাকবে ওখানেও ভালো কিছু করার। যাতে দেশের সুনাম হয়। 

সাফায়েতের গুগলে সুযোগ পাওয়ার বিষয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারেক বলেন, `আমাদের শিক্ষার্থীরা নিয়মিতই বড় বড় প্রতিষ্ঠানে কাজ করে দেশের ও আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে। আমরা প্রতিবছরই এমন সুসংবাদ পাই।' সামনের দিনেও শিক্ষার্থীদের সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

উল্লেখ্য, আগস্টের প্রথম সপ্তাহে গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আরেক শিক্ষার্থী সাদমান সাকিব। 

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা