হোম > বিশ্ব > আফ্রিকা

সন্ত্রাসী হামলায় মালিতে ২৭ সেনা নিহত

মালির একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় অন্তত ২৭ জন সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৩ জন এবং নিখোঁজ রয়েছেন কমপক্ষে সাতজন সেনাসদস্য। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এ ঘটনার পর মালি সরকার একটি বিবৃতি দিয়েছে। মালির বিবৃতি উল্লেখ করে রয়টার্স জানিয়েছে, সেনা-সন্ত্রাসীদের এই সংঘাতে ৭০ জন সন্ত্রাসীও নিহত হয়েছে। তবে কোন সন্ত্রাসী দল এ হামলা করেছে তার উল্লেখ নেই ওই বিবৃতিতে। 

পশ্চিম আফ্রিকার দেশ মালি বিবৃতিতে জানিয়েছে, একদল সন্ত্রাসী শুক্রবার সকালে মনদোরো সামরিক ঘাঁটিতে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এতে কয়েকজন সেনাসদস্য নিহত হন। এর পরই দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। 

এদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা লিখেছে, মালির সরকারি বিবৃতিতে এই হামলার জন্য ইসলামি জঙ্গিগোষ্ঠীকে দায়ী করা হলেও কোন গোষ্ঠী দায়ী তা স্পষ্ট করা হয়নি। 

উল্লেখ্য, আলকায়েদা ও ইসলামিক স্টেটের সহযোগীরা মধ্য মালিতে সক্রিয়। 

তবে শুক্রবারের হামলার দায় স্বীকার করে এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই বিবৃতি দেয়নি। 

 ২০১২ সালের মাঝামাঝি সময়ে মালিতে কট্টর ইসলামপন্থী গোষ্ঠীর উত্থান ঘটে। আলকায়দার সহযোগীরা দেশটির উত্তরাঞ্চলীয় মরুভূমির বিশাল এলাকা দখল করে নেয়। ২০১৩ সালে ফ্রান্স সরকার সেনাবাহিনী পাঠিয়ে সেই এলাকা পুনরুদ্ধারে মালিকে সহায়তা করে। এর পর থেকে আলকায়দার সহযোগীরা মালির গ্রামাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল দখল করার চেষ্টার পাশাপাশি নাইজার, বুর্কিনা ফাসো এবং অন্যান্য প্রতিবেশী দেশেও নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে। 

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি