হোম > বিশ্ব > আফ্রিকা

মালিতে শেষ হলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আফ্রিকার দেশ মালিতে এক দশক ধরে চালানো শান্তিরক্ষা মিশন শেষ করতে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে। এর দুই সপ্তাহ আগে হঠাৎ করেই মালির সামরিক জান্তা দেশটি থেকে ১৩ হাজার শান্তিরক্ষীর শক্তিশালী বাহিনীকে অবিলম্বে চলে যেতে বলে। এর পরই মূলত এমন পদক্ষেপ নিল জাতিসংঘ।

জাতিসংঘ ও মালির সামরিক জান্তার মধ্যে কয়েক বছর ধরেই শান্তিরক্ষা মিশন নিয়ে প্রবল উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় চলতি মাসে মালির পররাষ্ট্রমন্ত্রী আবদুলায়ে দিয়োপ শান্তিরক্ষীদের ‘যত দ্রুত সম্ভব’ সরিয়ে নিতে আনুষ্ঠানিক অনুরোধ জানান।

রাশিয়ার ভাড়াটে আধা সামরিক বাহিনী ওয়াগনারের সঙ্গে ২০২১ সালে মিত্রতা করে মালি সরকার। তার পর থেকেই সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনকে একের পর এক বিধিনিষেধের মুখোমুখি হতে হচ্ছিল। এমন পরিস্থিতির মধ্যেই এবার বন্ধ হচ্ছে জাতিসংঘের গুরুত্বপূর্ণ মিশনটি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার মালিতে শান্তিরক্ষা মিশন শেষ করতে যখন ভোটাভুটি চলছিল, সেই সময়ই হোয়াইট হাউসের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, মালি থেকে শান্তিরক্ষীদের তাড়াতে কলকাঠি নাড়ছে ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন। ওয়াশিংটন বলেছে, মালি কর্তৃপক্ষ ২০২১ সালের শেষের দিক থেকে এ পর্যন্ত ওয়াগনারকে ২০ কোটি ডলার দিয়েছে, তার তথ্য আছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি বলেন, ‘যে জিনিসটি বেরিয়ে আসেনি তা হচ্ছে, ওয়াগনারের স্বার্থ রক্ষা করতেই সেনাদলটির প্রধান প্রিগোঝিন শান্তিরক্ষা মিশনকে মালি থেকে সরিয়ে দিতে ভূমিকা রেখেছেন।’

ব্রিটিশ বার্তা সংস্থাটি জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হলে মালির সরকারি মুখপাত্র তাৎক্ষণিকভাবে কিছু বলেননি।

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি

ট্রাম্পের আদেশে বন্ধ ইউএসএআইডি: দারিদ্র্য–ক্ষুধায় মৃত্যুর প্রহর গুনছে ইথিওপিয়ার মানুষ