হোম > বিশ্ব

ব্রাজিলের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন লুলা

সেনাপ্রধান জুলিও সিজার দ্য আরুদাকে বরখাস্ত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। স্থানীয় সময় শনিবার দেশটির সামরিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের দাঙ্গার পরিপ্রেক্ষিতে তাঁকে বরখাস্ত করা হলো।

স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবো নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে বলসোনারোর মেয়াদ শেষ হওয়ার মাত্র দুই দিন আগে গত বছরের ৩০ ডিসেম্বর আরুদাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এখন নতুন সেনাপ্রধান হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হবেন দক্ষিণ-পূর্ব সেনা কমান্ডার টমাস রিবেইরো পাইভা।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত শুক্রবার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে বসেছিলেন লুলা দ্য সিলভা। সেই বৈঠকে সদ্য বরখাস্ত হওয়া সেনাপ্রধান অরুদাও ছিলেন। তবে বৈঠক শেষে কোনো পক্ষই কোনো বিবৃতি দেয়নি।

গত ৮ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকেরা ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্ট ও কংগ্রেসে সহিংস হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছিল এবং সামরিক অভ্যুত্থানের আহ্বান জানিয়েছিল। এ সহিংসতার পরপরই প্রেসিডেন্ট লুলা বেশ কয়েকজন সৈন্যকে বরখাস্ত করেছেন। এরপর সেনাপ্রধানকেই সরিয়ে দিলেন লুলা দ্য সিলভা।

প্রেসিডেন্ট লুলা বলেছেন, ৮ জানুয়ারির দাঙ্গার সঙ্গে সেনাবাহিনী জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ করেন। দাঙ্গার আগে-পরের পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করা হবে বলে ঘোষণা দেন লুলা। ওই দাঙ্গার পরে ২ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার প্রেসিডেন্ট লুলার সঙ্গে বৈঠকের পরে প্রতিরক্ষামন্ত্রী জোসে মুসিও বলেছেন, সশস্ত্রবাহিনী প্রত্যক্ষভাবে দাঙ্গার সঙ্গে জড়িত ছিল না। তবে কারও বিরুদ্ধে যদি দাঙ্গায় অংশ নেওয়ার প্রমাণ পাওয়া যায়, তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

এর আগে গত বুধবার নতুন সেনাপ্রধান টমাস রিবেইরো পাইভা বলেছিলেন, গণতন্ত্রের নিশ্চয়তা অব্যাহত রাখা হবে। তিনি নির্বাচনের ফলাফল বলসোনারোর সমর্থকদের মেনে নিতেও আহ্বান জানিয়েছেন।

পাইভা বলেছেন, ‘আমরা যখন ভোট দিই, তখন আমাদেরে উচিত ভোটের ফলাফল মেনে নেওয়া।’

গত বছরের অক্টোবরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট ও উগ্র-ডানপন্থী নেতা হিসেবে পরিচিত জইর বলসোনারোকে পরাজিত করেন সাবেক ট্রেড ইউনিয়ন নেতা লুলা দ্য সিলভা। এরপর চলতি বছরের ১ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি।

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ: পিটিআই

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত