হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েল থেকে ভারতগামী জাহাজের ২৫ নাবিককে জিম্মি করেছে হুতিরা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত রোববার লোহিত সাগর থেকে গ্যালাক্সি লিডার নামে একটি কার্গো জাহাজ ছিনতাই করেছে। আজ সোমবার ভারত–ভিত্তিক দ্য টেলিগ্রাফ অনলাইন জানিয়েছে, জাহাজে থাকা ২৫ জন নাবিককে জিম্মি করেছে হুতিরা। তারা বিভিন্ন দেশের নাগরিক। জাহাজটির ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। এটি ভারতের উদ্দেশে আসছিল।

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দাবি করছে—গ্যালাক্সি লিডার জাহাজের সঙ্গে ইসরায়েলের সংযোগ থাকায় এটিকে তারা ছিনতাই করেছে। গাজায় হামাসের বিরুদ্ধে যত দিন অভিযান চলবে তত দিন ইসরায়েলি জাহাজগুলোকে তারা লক্ষ্যবস্তু করারও হুমকি দিয়েছে। 

এর আগে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে জানিয়েছে, জাহাজটির ছিনতাইয়ের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে—বাহামার পতাকাবাহী ওই জাহাজটিতে বুলগেরিয়া, ফিলিপাইন, মেক্সিকো এবং ইউক্রেনসহ বিভিন্ন দেশের অন্তত ২৫ জন নাবিক ছিলেন। তবে এতে কোনো ইসরায়েলি ছিলেন না।

জাহাজ ছিনতাইয়ের ঘটনাটিকে ‘ইরানের সন্ত্রাসী কার্যকলাপ’ হিসেবে আখ্যায়িত করেছে নেতানিয়াহুর দপ্তর। আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টিকে ‘বৈশ্বিক পরিণতির জন্য অত্যন্ত গুরুতর ঘটনা’ বলে অভিহিত করেছে।  

ইসরায়েলি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন—জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন এবং এটি পরিচালনা করেন জাপানিরা। তবে পাবলিক শিপিং ডেটাবেস অনুযায়ী, গাড়ি বহনকারী ওই জাহাজটির মালিকানার বিবরণে আব্রাহাম রামি উঙ্গারের নাম রয়েছে। তিনি ইসরায়েলের অন্যতম শীর্ষ ধনী হিসেবে পরিচিত। 

এদিকে উঙ্গারের সঙ্গে যোগাযোগ করা হলে অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। তবে এর বেশি তিনি মন্তব্য করতে চাননি।  

স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে এপি জানিয়েছে, দু–এক দিন আগেই গ্যালাক্সি লিডার নামে ওই জাহাজটি সৌদি আরবের জেদ্দার দক্ষিণ–পশ্চিমে লোহিত সাগরে ছিল। তুরস্কের করফেজ বন্দর থেকে এটি ভারতের পিপাভাভ বন্দরের উদ্দেশে যাচ্ছিল।  

জাহাজটিতে স্বয়ংক্রিয় ট্র্যাকার সিস্টেম রয়েছে। কিন্তু ডেটা বলছে, এর সুইচ বন্ধ করা ছিল। সাধারণত নিরাপত্তার কারণে জাহাজের স্বয়ংক্রিয় ট্র্যাকার চালু রাখা হয়। তবে নাবিকেরা যদি মনে করেন, তাঁরা লক্ষ্যবস্তু হয়েছেন—এ ক্ষেত্রে এর সুইচ বন্ধ করে দেওয়া হয়।  

ব্রিটিশ সামরিক বাহিনীর ‘ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন’ ধারণা করছে, জাহাজটি ইয়েমেনের বন্দর শহর হোদেইদা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থানকালে ছিনতাই হয়েছে।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প