হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলা

ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে। গত মাসে শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার হত্যার প্রতিশোধ নিতে আজ রোববার ভোরে এই হামলা চালায় সংগঠনটি।

এদিকে হিজবুল্লাহ আক্রমণ চালানোর আগেই জঙ্গি বিমান দিয়ে লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

ইসরায়েলের উত্তরাঞ্চলে ১১টি সামরিক স্থান লক্ষ্য করে ৩২০টিরও বেশি রকেট নিক্ষেপ করার দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি বলেছে, তাঁরা একটি ‘বড় আকারের’ অভিযান শুরু করছে এবং ইসরায়েল অভিমুখে ড্রোনের পাশাপাশি কাতিউশা রকেট ছুড়েছে। 

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানোর পরিকল্পনা নিশ্চিত হওয়ার পরপরই হামলা চালানো শুরু করে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট পরবর্তী ৪৮ ঘণ্টা ধরে ইসরায়েলের জন্য ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণা করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইসরায়েল এই অঞ্চলে এখন সর্বাত্মক যুদ্ধ চায় না। 

আইডিএফ বলেছে, প্রায় ১০০ যুদ্ধবিমান লেবানানে আক্রমণ চালাচ্ছে। তারা হাজার হাজার হিজবুল্লাহ রকেট লঞ্চার ব্যারেল ধ্বংস করেছে। 

ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে, তাদের সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা শুরু করেছে। এ কারণে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে ফ্লাইটগুলোর ওঠানামা বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টায় ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠক করার কথা ছিল। 

ইসরায়েলের ওয়াইনেট নিউজ জানিয়েছে, এই ঘোষণার বলে সামরিক বাহিনী ‘বেসামরিকদের জন্য নির্দেশনা জারি করতে, জমায়েতের আকার সীমিত করতে এবং কাছাকাছি থাকা প্রাসঙ্গিক এলাকাগুলো বন্ধ করে দিতে পারবে’। 

লেবাননের আল মায়াদিন টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দক্ষিণ লেবাননে ২০ মিনিটেরও বেশি সময় ধরে তীব্র সামরিক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল।’ 

ইসরায়েলি জঙ্গি বিমানগুলো দক্ষিণ লেবাননের কুনিন, বেইত ইয়াহাউন, হাদাথা, রাশাফ ও তিরি শহরের বনাচ্ছাদিত এলাকাগুলোতে হামলা চালিয়েছে বলৈ জানিয়েছে তারা। 

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, শিগরিগই হিজবুল্লাহ ইসরায়েল রাষ্ট্রের ভূখণ্ডের দিকে রকেট এবং সম্ভবত ক্ষেপণাস্ত্র ছুড়বে। 

ইসরায়েলের জনগণের উদ্দেশে নতুন বেসামরিক প্রতিরক্ষা নির্দেশনা প্রকাশ করা হবে বলে জানিয়েছে তারা। দক্ষিণ লেবাননের বেসামরিকদের হিজবুল্লাহ যেখান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে সেখান থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প