হোম > জাতীয়

শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক গড়তে একসঙ্গে কাজ করবে ঢাকা-ক্যানবেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অস্ট্রেলিয়া ও বাংলাদেশ শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল (ইন্দো-প্যাসিফিক) গড়ে তোলার ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে। আজ বুধবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের বাংলাদেশ সফরের শেষদিনে দুই দেশ এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে।

পেনি ওং সফরের দ্বিতীয় দিন বুধবার কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের আশ্রয়শিবির পরিদর্শন করেন। রোহিঙ্গা নেতা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, কর্মদক্ষতা বৃদ্ধি ও শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।

অস্ট্রেলিয়ার মন্ত্রী দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার ঢাকা পৌঁছান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। 

সফরের ওপর ঢাকা ও ক্যানবেরা থেকে একযোগে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চলকেন্দ্রিক সহযোগিতা বাড়ানো, বাণিজ্য সম্প্রসারণ, দক্ষিণ এশিয়া অঞ্চলে আন্তযোগাযোগ বাড়ানো, মানবপাচার রোধ ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুই দেশ সম্মত হয়।

দুই দেশ ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, সমুদ্র ও আকাশপথে চলাচলে স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ উপায়ে বিবাদ মেটানোর ওপর জোর দেয়।  

দুই দেশের মধ্যে বাণিজ্য বর্তমানে বছরে ৪০০ কোটি ডলার থেকে বাড়ানো ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়েও দুই দেশ একমত হয়।

২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরেও অস্ট্রেলিয়া শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়। 

এর বাইরে ফিলিস্তিনের গাজায় চলমান অমানবিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে দুই পররাষ্ট্রমন্ত্রী সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি ও দুই-দেশ ভিত্তিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন। 

অস্ট্রেলিয়ার মন্ত্রীর সিঙ্গাপুরের পথে আজ রাতে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী