হোম > জাতীয়

কয়েকজন বিচারপতির বিষয়ে রাষ্ট্রপতির নির্দেশনা, তদন্ত শুরু আগামী সপ্তাহে: সুপ্রিম কোর্ট

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী সপ্তাহে তাঁদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আজ সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিষয়টি জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া স্ক্রলে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৯৬(৫)(বি) অনুসরণ করে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে নির্দেশনা পাঠিয়েছেন। সে অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে।

এর আগে গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জানানো হয়, কয়েকজন বিচারপতির আচরণের (কনডাক্ট) বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে প্রাথমিক অনুসন্ধান চলছে।

সংবিধানের ষোড়শ সংশোধনী-বিষয়ক আপিলের রায়ের পর সম্প্রতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে এবং কাউন্সিলের বৈঠকও হয়েছে বলে গত ৭ নভেম্বর সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়। কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা নানা অনিয়মের অভিযোগ যাচাই-বাছাই হচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আপাতত হাইকোর্ট বিভাগে ১২ বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না বলে গত ১৬ অক্টোবর জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

শিক্ষার্থীদের দাবির মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা শেষে ওই ১২ জন বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার ঘোষণা দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। তাঁর ওই ঘোষণার পর আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছাড়েন।

১২ জন হলেন: বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি খুরশীদ আলম সরকার, বিচারপতি মো. আতাউর রহমান খান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি শেখ হাসান আরিফ।

এর আগে বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউ চেয়ে করা আবেদন গত ২০ অক্টোবর পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন আপিল বিভাগ। ওই রায়ের ফলে কোনো বিচারপতির বিরুদ্ধে অসমর্থতা ও পেশাগত অসদাচরণের অভিযোগ উঠলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া যাবে বলে জানান আইনজীবীরা।

১৯৭২ সালের সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ছিল। ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা দেওয়া হয় রাষ্ট্রপতিকে। ১৯৭৭ সালে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে এই ক্ষমতা দেওয়া হয়, যা পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয়।

খন্দকার দেলোয়ার হোসেন বনাম ইতালিয়ান মার্বেল ওয়ার্কস মামলায় ২০০৫ সালে হাইকোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করেন। ২০১০ সালে আপিল বিভাগ পঞ্চম সংশোধনী বাতিলের রায় বহাল রাখেন। তবে অধিকতর স্বচ্ছতা ও বিচার বিভাগের স্বাধীনতার রক্ষাকবচ বিবেচনায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান বলবৎ রাখেন আপিল বিভাগ।

২০১১ সালে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান অপরিবর্তিত রেখে জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। পরবর্তী সময় বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়।

তবে এর বৈধতা নিয়ে রিট করলে চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৫ মে হাইকোর্টের বিশেষ বেঞ্চ ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন।

ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। ২০১৭ সালের ৩ জুলাই তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিতে আপিলটি খারিজ করে রায় দেন; যাতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরে আসে।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ২০১৭ সালের ১ আগস্ট। তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা তাঁর লেখা রায়ে গণতন্ত্র, রাজনীতি, দুর্নীতি, বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ দেন। তবে সে সময় ওই পর্যবেক্ষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও দলীয় নেতা-কর্মীরা। তাঁরা প্রধান বিচারপতি সিনহার পদত্যাগও দাবি করেন।

অভিযোগ রয়েছে, ২০১৭ সালে অসুস্থতার কথা বলে এস কে সিনহাকে সরকার ছুটিতে যেতে বাধ্য করে। যদিও বিদেশে যাওয়ার সময় এস কে সিনহা সাংবাদিকদের বলেন, তিনি অসুস্থ নন, ক্ষমতাসীনদের সমালোচনায় তিনি বিব্রত। পরে বিদেশে থাকা অবস্থায়ই তিনি পদত্যাগ করেন এবং এখন পর্যন্ত আর দেশে ফেরেননি। পরে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে ২০১৭ সালের ২৪ ডিসেম্বর আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী