হোম > জাতীয়

হাওরের বোরো ধান রক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উজান থেকে আসা পাহাড়ি ঢলে হুমকির মুখে হাওর অঞ্চলের প্রধান ফসল বোরো ধান। এরই মধ্যে টাঙ্গুয়ার হাওরের নজরদারি বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। তিনি বলেন, ‘সুনামগঞ্জের একমাত্র ফসল হচ্ছে বোরো ফসল। এই ফসল ঘরে ওঠার জন্য আর ১০-১৫ দিন সময় প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে বোরো ফসল হুমকির মুখে রয়েছে।’ 

আজ সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন পীর ফজলুর রহমান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

সুনামগঞ্জে এ বছর বোরো ধানের লক্ষ্যমাত্রা ১৩ লাখ মেট্রিক টন বলে জানিয়ে পীর ফজলুর রহমান বলেন, ‘আশা করছি এটা পাব। কিন্তু সীমান্তের ওপারে মেঘালয় পাহাড়ে বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে আসছে।’ 

এই সংসদ সদস্য বলেন, ‘সুনামগঞ্জেও কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। আমি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। মনে হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় ও প্রশাসন এটার গুরুত্বটা বুঝতে পারছে না। ২০১৭ সালে ফসলহানির পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সুনামগঞ্জে গিয়েছিলেন। ফসলহানি হলে হাহাকার ঘটে। এটি ঘটতে খুব বেশি দিন লাগে না। এক বা দুই দিনের মধ্যে একটা দুইটা বাঁধ ভাঙলে সমস্ত হাওর তলিয়ে যায়।’ 

শনিবার টাঙ্গুয়ার হাওরের নজরদারি বাঁধ ভেঙে পানি ঢুকেছে জানিয়ে ফজলুর রহমান বলেন, তাহিরপুর উপজেলার আনন্দনগরের আরেকটি বাঁধে ধস দেখা গেছে। স্থানীয় লোকজন সেটা রক্ষার ব্যবস্থা করছে। তাহিরপুর, ধর্মপাশা ও দিরাইয়ের কয়েকটি বাঁধ হুমকির মুখে। এই বাঁধগুলো ভেঙে গেলে ফসল রক্ষা করা সম্ভব হবে না। ফসল তোলার জন্য কয়েকটা দিন দরকার। 

ফসলকে গুরুত্ব দিয়ে পানি সম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের সবকিছু বাদ দিয়ে সুনামগঞ্জের হাওর রক্ষা করা প্রয়োজন। ৯ লাখ মেট্রিক টন ধান যদি তলিয়ে যায় তাহলে, সেটা বিদেশ থেকে আমদানি করাও কঠিন হয়ে যাবে। 

৫২টি হাওরে বাঁধ নির্মাণে ১২০ কোটি টাকা পানি সম্পদ মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছিল জানিয়ে জাপার এই সাংসদ বলেন, বরাদ্দের টাকায় বাঁধ সঠিকভাবে নির্মাণ হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে এই মুহূর্তে ওইখানে গিয়ে যেখানে যা করার দরকার, তাই করার দরকার। বোরো ফসল রক্ষার জন্য এই মুহূর্তে পানি সম্পদ প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব এবং কৃষি মন্ত্রণালয়কে সুনামগঞ্জে অবস্থান করা দরকার। 

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী