হোম > জাতীয়

অবসরের পরও আইজিপির মতো প্রটোকল নিয়েছিলেন বেনজীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবসরে যাওয়ার পরেও এক বছর পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) মতো নিরাপত্তা সুবিধা নিয়েছিলেন বেনজীর আহমেদ। তাঁর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাঁকে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল। 

নিয়ম অনুসারে একজন আইজিপি অবসরে গেলে একটি সরকারি গাড়ি ও একজন ফরমেশন পান। যে গাড়ির খরচ বহন করে সরকার। সেখানে বেনজীর আহমেদ নিয়েছিলেন পুরো প্রটোকল। 

২০২২ সালের ২৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শফিকুল ইসলাম সই করা এক চিঠিতে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ পুলিশ মহাপরিদর্শক থেকে অবসর প্রস্তুতিজনিত ছুটিকালীন তাঁর নিরাপত্তা প্রদানের লক্ষ্যে গাড়িসহ ১/৬ ফরমেশন সাদা পোশাকের এসকর্ট, অস্ত্রসহ ইউনিফর্মধারী দুজন সার্বক্ষণিক দেহরক্ষী এবং ১/৩ ফরমেশনে হাউসগার্ড সার্বক্ষণিকভাবে মোতায়েনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। ২৬ মে সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী ও তিন মেয়ের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। একই সঙ্গে এ পাঁচজনের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাঁদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে আগামী ৬ জুন এবং তাঁর স্ত্রী-সন্তানদের আগামী ৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। তবে চলমান এই পরিস্থিতি তৈরির আগেই গত ৪ মে সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় র‍্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। যার মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল।

আরও পড়ুন—

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী