হোম > জাতীয়

হিরো আলমের ওপর হামলায় বিবৃতি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন নয়: পিটার হাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হিরো আলমের ওপর হামলার ঘটনায় দেওয়া বিবৃতি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। আজ মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। 

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রসহ ১৩ দেশ হিরো আলমকে নিয়ে যে বিবৃতি দিয়েছে, তা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইলে পিটার হাস বলেন, ‘যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা উঠলে আমরা তাদের কথা শুনি, আমরা দেখি তাদের কাছে কী শেখার আছে। আমরা এটাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন মনে করি না।’ 

এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র আগামী অক্টোবরের শুরুতে প্রি-অ্যাসেসমেন্ট ইলেকশন মনিটরিং টিম বা প্রাক্‌নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানান পিটার হাস। 

পিটার হাস বলেন, তাদের প্রাক্‌নির্বাচন পর্যবেক্ষক দলে থাকবেন ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা, যাঁরা নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতির বিষয়ে অভিজ্ঞ। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাক্‌পর্যবেক্ষক দল কত দিন থাকবে, সেই শিডিউল আমি এখনো জানি না।’ 

পিটার হাস আরও বলেন, ‘বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ, নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। যুক্তরাষ্ট্রের আগ্রহ হচ্ছে শুধু অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন; যেখানে বাংলাদেশের জনগণ তাঁদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারবেন।’ 

আজ বেলা ১১টা ১০ মিনিটে শুরু হওয়া বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা চলে। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর অরতুরো হাইনস। এ ছাড়া বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত