হোম > জাতীয়

এবার অতীত অভিজ্ঞতা ভুলিয়ে দিতে চান রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ফলে এখন স্টেশনকেন্দ্রিক ভিড় আর নেই। ঈদযাত্রায় যাতে বিনা টিকিটে কেউ ভ্রমণ করতে না পারে, তার জন্য কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে; বানানো হয়েছে অস্থায়ী বাঁশের গেট।

আজ শনিবার ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পরিদর্শনকালে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘এসব ব্যবস্থার মাধ্যমে অতীত অভিজ্ঞতা ভুলিয়ে দিতে চাই।’

তিনি বলেন, ‘সারা বছর রেলকে একটা সিস্টেমে আনতে চাইলেও ঈদের সময় সেটি ভেঙে পড়ে। আর ভেঙে পড়ার কারণ টিকিটকেন্দ্রিক। এবার টিকিট অনলাইনে দেওয়া হয়েছে শতভাগ। এখন আর আগের চিত্র নেই।’

রেলমন্ত্রী বলেন, ‘যাত্রীসেবার মান বাড়াতে চাই আমরা। কোনো হয়রানি ছাড়া যেসব যাত্রী টিকিট কেটে যাবেন, তাঁরা যেন নিরাপদে ও স্বচ্ছন্দে যেতে পারেন, সেই চেষ্টা করে যাচ্ছি। অতীতের যে অভিজ্ঞতা, সেটা যেন সামনের দিনে গল্পের মতো শোনা যায় সেই চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘যদি ঈদ ২৩ এপ্রিল হয়, তাহলে ২২ তারিখের টিকিট বিক্রি হবে। সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

নূরুল ইসলাম বলেন, স্টেশনগুলোতে এবার বাড়তি লোকসমাগম নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার বাইরে গেট করা হচ্ছে। যারা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেন, তাদের এবার বাইরেই আটকে দেওয়া হবে।

তীব্র দাবদাহে রেললাইনে সমস্যা হয় বিধায় আন্তনগর ট্রেনের গতি কমিয়ে ৭০ কিলোমিটার করা হয়েছে বলে জানান রেলমন্ত্রী।

এই গতি ঈদে শিডিউল বিপর্যয়ের কারণ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা শিডিউল বিপর্যয় না। শিডিউল বিপর্যয় বলা হবে যখন কোনো দুর্ঘটনার জন্য ট্রেন দেরি করবে। ৩০ মিনিট দেরি হলেই শিডিউল বিপর্যয় বলা হয় ৷ এটা বলা মানে অবিচার করা।’

মন্ত্রী বলেন, ‘এবার যেসব ত্রুটি-বিচ্যুতি হয়েছে, তা আপনাদের মাধ্যমে ও আমাদের সোর্সের মাধ্যমে জানতে পারছি। যেগুলোর উন্নতির দরকার সেগুলোর উন্নতি করা হবে।’

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা