হোম > জাতীয়

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসছেন। দুই দিনের সফরে আগামী সপ্তাহের মাঝামাঝি তাঁর ঢাকায় আসার কথা রয়েছে। আগামী ১৪ থেকে ১৬ মের মধ্যে এই সফর হতে পারে।

ঢাকায় মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেছেন, উচ্চ পর্যায়ের সফরের বিষয়ে ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তর থেকে ঘোষণা দেওয়া হয়। তাঁদের নিজেদের এ সফর নিয়ে কথা বলার মতো কিছু নেই।

বাংলাদেশের সরকারি একটি সূত্র বলেছে, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ডোনাল্ড লুর আনুষ্ঠানিক বৈঠকের জন্য সময় চাওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে লু সৌজন্য সাক্ষাৎ করবেন।

সরকারের বাইরে নাগরিক সমাজ ও শ্রমিকের অধিকার নিয়ে কাজ করেন, এমন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে লু মতবিনিময় করবেন।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মার্কিন সরকার ভিসা নীতি কার্যকর করার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে গত জুলাই মাসে লু সর্বশেষ ঢাকা সফর করেন।

এমন পরিস্থিতিতে শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর নতুন সরকারের সঙ্গে কাজের সম্পর্ক চালিয়ে যেতে মার্কিন তরফের ইঙ্গিত হিসেবে লুর এই সফরকে দেখছেন বাংলাদেশের কূটনীতিকেরা।

গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ড লুর ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চপর্যায়ের প্রথম সফর। যদিও গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাখারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিল। এইলিন লুবাখার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও বিশেষ সহকারী। ওই সফরে ঢাকা–ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার নিরিখে ভূরাজনীতির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছিল।

এর আগে গত বছরের জানুয়ারিতে ডোনাল্ড লু ঢাকা সফরে এসেছিলেন। পরের কয়েক মাসে ঢাকায় অংশীদারত্ব, প্রতিরক্ষা ও নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। এ বছর দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ তিন ফোরাম অংশীদারত্ব, প্রতিরক্ষা ও নিরাপত্তা সংলাপ ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা। আবার এ বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এমন প্রেক্ষাপটে এই বৈঠকগুলোর ভবিষ্যৎ কী, তা নিয়ে ঢাকা সফরের সময় আলোচনা করতে পারেন ডোনাল্ড লু।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়