হোম > জাতীয়

ব্রুনেইয়ের সুলতান ঢাকায় আসছেন আজ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার দুপুরে ঢাকায় আসছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ আমন্ত্রণে তাঁর এই সফর বলে কূটনীতিকেরা জানিয়েছেন।

সুলতান বলকিয়াহর এটাই প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০১৯ সালে ব্রুনেই সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুলতানকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সেখানে সশস্ত্র বাহিনীর একটি দল তাঁকে গার্ড অব অনার দেবে।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন ব্রুনেইয়ের সুলতান। সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সাভার থেকে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাবেন। ঢাকা সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।

আজ সন্ধ্যা ৬টায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ব্রুনেইয়ের সুলতানের সঙ্গে হোটেলে সাক্ষাৎ করবেন। এরপর সুলতান বলকিয়াহ সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করবেন। পরে সুলতানের সম্মানে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি।

আগামীকাল রোববার সকালে সুলতান ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে বৈঠক করবেন।

বৈঠকের পর সুলতান ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে বিমান চলাচল, বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া এবং দুই দেশের নাবিকদের সনদের স্বীকৃতিসহ বিভিন্ন বিষয়ে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হতে পারে। সুলতান বলকিয়াহ ১৭ অক্টোবর সোমবার ঢাকা ত্যাগ করবেন।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়