হোম > জাতীয়

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দুই দিনের সফরে আজ রোববার সকালে ঢাকায় আসছেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন। 

ব্রাজিলের ব্যবসায়ীদের একটি দল মাউরো ভিয়েরার সফরসঙ্গী হিসেবে আসছেন। মাউরো ভিয়েরা ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রাজিলের মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রাজিলের মন্ত্রীর একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। 

দ্বিপক্ষীয় আলোচনায় ব্রাজিলে পোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্কছাড় চাইবে বাংলাদেশ। বাংলাদেশ থেকে ব্রাজিলে ২৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়; যার বেশির ভাগই তৈরি পোশাক। পোশাক রপ্তানির ক্ষেত্রে দেশটি প্রায় ৩০ শতাংশ শুল্ক আদায় করে থাকে। 

ব্রাজিল থেকে বাংলাদেশে সয়াবিন, তুলা, চিনি, ক্ষুদ্রাস্ত্রসহ প্রায় ২৫০ কোটি ডলারের পণ্য আমদানি হয়। তুলা রপ্তানির ক্ষেত্রে ব্রাজিল বাংলাদেশে শুল্কছাড় পেয়ে থাকে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পোশাকের বাইরে ওষুধ ও কিছু অপ্রচলিত পণ্য ব্রাজিলে রপ্তানির সুযোগ চাইবে বাংলাদেশ। আর সাশ্রয়ী খরচে আমদানি করতে চাইবে জৈব জ্বালানি। 

কর্মকর্তারা বলছেন, ব্রাজিল বাংলাদেশে প্রতি কেজি চার থেকে পাঁচ ডলারে গরুর মাংস রপ্তানি করতে চায়।

বৈঠকের পর উভয় পক্ষ বিভিন্ন ক্ষেত্রে কারিগরি সহযোগিতার বিষয়ে দুটি চুক্তি সই করবেন। দুই মন্ত্রী বৈঠকের পর প্রেস ব্রিফিং করবেন।
ব্রাজিলের মন্ত্রী আগামীকাল সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

মাউরো ভিয়েরা আগামীকাল বিকেলে গাজীপুরে স্কয়ার ও বেক্সিমকোর অন্তত দুটি কারখানা পরিদর্শন করবেন। 

স্থানীয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে তাঁর একটি বৈঠক অনুষ্ঠিত হবে। 

আগামীকালই তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি বক্তৃতায় অংশ নেবেন। 

আগামীকাল রাতেই ব্রাজিলের মন্ত্রীর ঢাকা ত্যাগের কথা রয়েছে।

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা