হোম > রাজনীতি

আনোয়ারুল কী ছিল বড় কথা নয়, জনপ্রিয়তা দেখে মনোনয়ন দেওয়া হয়েছিল: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতে হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার স্বর্ণ চোরাচালানকারী ছিলেন বলে দেশটির গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সে কী ছিল বড় কথা নয়, জনপ্রিয়তা দেখেই দল তাঁকে মনোনয়ন দিয়েছে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী সভায় এসব কথা বলেন তিনি। সভায় সাংবাদিকেরা আনোয়ারুল আজীম আনার প্রসঙ্গে ওবায়দুল কাদেরকে লিখিত প্রশ্ন দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সংসদ সদস্য কলকাতায় মারা গেছেন। তাঁকে হত্যা করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে আমরা কিছু বলতে পারব না। তবে তিনি আওয়ামী লীগের এমপি। তিনি কী ছিলেন, সেটা বড় কথা না। যে এলাকার প্রতিনিধিত্ব করেন, সেই এলাকায় গিয়ে দেখুন তাঁর জন্য শোকার্ত মানুষের হাহাকার, তিনি প্রতিনিয়ত কোনো গাড়ি নয়, মোটরসাইকেলে করে সারা এলাকা ঘুরতেন। তাঁকে আমরা তৃতীয়বার মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে। এখন তিনি ভেতরে কোনো অপকর্ম করেন কি না...এসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। অন্যায়কারী, অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেন না।’

ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্ন করে বলেন, ‘আপনারা এখন বলছেন কলকাতায় তাঁকে চোরাকারবারি বলছে। আমি সাংবাদিকদের বলব, তিন-তিনবার জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছেন, তখন কি আপনারা এটা পেয়েছেন? এখন ভারতীয় সাংবাদিকেরা কোন তথ্য আনল, সেটার উদ্ধৃতি দিচ্ছেন। আপনারা তো এই দেশের নাগরিক, সে যদি অপরাধী হয়, সেই অপরাধটা আপনাদের অনুসন্ধান প্রতিবেদনে কেন এল না?’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপকমিটির কো-চেয়ারম্যান হারুনুর রশীদ। সঞ্চালনা করেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং উপকমিটির সদস্যসচিব মাশরাফি বিন মর্তুজা।

আরও পড়ুন:

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)