হোম > রাজনীতি

বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের জানাজা নয়াপল্টনে, বাদ আসর

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান। ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের নামাজে জানাজা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বাদ আসর জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে দলের ভাইস চেয়ারম্যানের মৃত্যুতে চট্টগ্রামে সমাবেশ স্থগিত করেছে বিএনপি। পূর্বঘোষণা অনুযায়ী আজ সমাবেশের আয়োজন করেছিল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। সেখানে প্রধান বক্তা হিসেবে আব্দুল্লাহ আল নোমানের থাকার কথা ছিল।

বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান।

সকালে তাঁর ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু গণমাধ্যমকে বলেন, ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। পরে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর জানাজাসহ পরবর্তী কার্যক্রম দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে। মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

ছাত্রজীবন শেষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ছিলেন। গোপনে ভাসানীপন্থী ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। ১৯৭০ সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় থাকেন। জিয়াউর রহমান বিএনপি গঠনের পর ১৯৮১ সালে যোগ দেন দলটিতে।

নির্দলীয় প্রতিনিধির মাধ্যমে উচ্চকক্ষ গঠন চায় যুব বাঙালি

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার