হোম > রাজনীতি

ষড়যন্ত্র মোকাবিলা করে ভোটের অধিকার ফেরানোর আহ্বান তারেক রহমানের

আজকের পত্রিকা ডেস্ক­

তারেক রহমান। ছবি: সংগৃহীত

ভোটের অধিকার ফিরিয়ে আনতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে দৃঢ়সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘গণতন্ত্রবিরোধী ও জনবিচ্ছিন্ন অবৈধ আওয়ামী লীগ সরকার ৫ আগস্টে ছাত্র-জনতার মিলিত দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এখন যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে দৃঢ়সংকল্পবদ্ধ হতে হবে।’

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। ২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে এই বাণী দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বাণীতে তারেক রহমান বলেন, ‘১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে। বহুদলীয় ব্যবস্থার স্থলে একদলীয় সরকারব্যবস্থা ‘বাকশাল’ কায়েম করে। এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে একপ্রকার গায়ের জোরেই অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাস করে। ওই সময় সব সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত চারটি পত্রিকা চালু রাখার ফরমান জারি করে। দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভূলুণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের ঘন অমানিশা ছড়িয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘একদলীয় বর্বর শাসন দীর্ঘায়িত করার অলীক স্বপ্নে শুধু গণতন্ত্রই নয়; দেশের ঐক্য, সংহতি ও সার্বভৌমত্বকে তারা সংকটাপন্ন করে তুলতেও দ্বিধা করেনি। বিরোধী দলের প্রতি আচরণে তারা কখনই সভ্য রীতিনীতি অনুসরণ করেনি। তখন কারাগারই ছিল বিরোধী দলের ঠিকানা।’

দিবসটি উপলক্ষে পৃথক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি সব সময় জনগণের মৌলিক অধিকার, বাক্‌স্বাধীনতা, সংবাদপত্র ও গণমাধ্যমের কথা বলার অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকারবদ্ধ। দেশ ও জাতির স্বার্থে পতিত অবৈধ আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া নানাবিধ জঞ্জাল মোকাবিলা করে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে।’

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)