হোম > প্রযুক্তি

ছয় মাস রেডিও শো চালাল এআই, টেরই পেল না শ্রোতারা

আজকের পত্রিকা ডেস্ক­

বিশ্বজুড়েই এআই ভিত্তিক উপস্থাপক নিয়ে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। ছবি: এআই দিয়ে তৈরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি উপস্থাপক দিয়ে ছয় মাস ধরে অনুষ্ঠান চালিয়েছে অস্ট্রেলিয়ার এক রেডিও স্টেশন। তবে শ্রোতাদের মধ্যে কেউই বিষয়টি টের পায়নি। ‘ওয়ার্কডেজ উইথ থাই’ নামের অনুষ্ঠানটি সম্প্রচার হয় সিডনিভিত্তিক রেডিও স্টেশন সিএডিএ থেকে। এই অনুষ্ঠান প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার, প্রতিদিন চার ঘণ্টা সংগীত সম্প্রচার করে। অনুষ্ঠানে হিপহপ, আরঅ্যান্ডবি ও পপসংগীতের সংমিশ্রণ থাকলেও কোথাও জানানো হয়নি যে উপস্থাপক ‘থাই’ আদৌ একজন মানুষ নন।

অস্ট্রেলিয়ার ফিন্যান্সিয়াল রিভিউ ও সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ‘থাই’-এর কণ্ঠ ও অবয়ব তৈরি করা হয়েছে সিএডিএর মূল প্রতিষ্ঠান এআরএন মিডিয়ার অর্থ বিভাগে কর্মরত একজন প্রকৃত কর্মীর আদলে। এআই ভয়েস তৈরির জন্য ব্যবহৃত হয়েছে ইলেভেনল্যাবস নামের একটি সফটওয়্যার।

‘ওয়ার্কডেজ উইথ থাই’ প্রথম দেখা যায় গত বছরের নভেম্বর মাসে সিএডিএর ওয়েবসাইটে। তবে অনুষ্ঠানে কিংবা স্টেশনের কোথাও উল্লেখ করা হয়নি যে, ‘থাই’ একটি এআই। বরং অনুষ্ঠানের বিবরণীতে বলা হয়েছে, ‘আমাদের মিউজিক বিশেষজ্ঞদের বাছাই করা গানগুলো শুনুন থাইয়ের সঙ্গে, যাতে আগে থেকেই আপনি বলেতে পারেন—‘আমি তো আগেই শুনেছিলাম!’

ফিন্যান্সিয়াল রিভিউর তথ্যমতে, অনুষ্ঠানটি অন্তত ৭২ হাজার শ্রোতার কাছে পৌঁছেছে।

তবে এআই উপস্থাপক নিয়ে সন্দেহ প্রকাশ করেন সিডনিভিত্তিক লেখক স্টেফানি কুম্বস। এক ব্লগপোস্টে তিনি লেখেন, ‘থাই-এর পুরো নাম কী? তিনি কে? কোথা থেকে এলেন? এই অনুষ্ঠানের উপস্থাপক সম্পর্কে কোথাও কোনো তথ্য নেই।

এরপর একটি অডিও বিশ্লেষণে দেখা যায়, বিভিন্ন পর্বে থাই একইভাবে ‘ওল্ড স্কুল’ শব্দটি উচ্চারণ করছেন, যা কণ্ঠটি কৃত্রিম হওয়ার ইঙ্গিত দেয়।

পরে এআরএনের প্রজেক্ট লিডার ফায়েদ তোহমে স্বীকার করেন, থাই আসলে এআই প্রযুক্তি দিয়ে তৈরি।

বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন অব ভয়েস অ্যাক্টরসের ভাইস প্রেসিডেন্ট তেরেসা লিম। তিনি লিংকডইনে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার শ্রোতারা স্বচ্ছতা ও সত্য জানার অধিকার রাখেন। তাঁদের এমন একজন উপস্থাপকের প্রতি বিশ্বাস তৈরি হয়েছে, যা আদতে একজন কৃত্রিম সত্তা।’

এআরএন মিডিয়ার প্রধান নির্বাহী কিয়ারান ডেভিস বলেন, ‘আমরা বোঝার চেষ্টা করছি—আসল আর নকলের সীমারেখা কোথায়। তবে এটা নিশ্চিত, আমাদের রেডিও উপস্থাপকদের যে শক্তি, তা আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারছি।’

বিশ্বজুড়েই এআই-ভিত্তিক উপস্থাপক নিয়ে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি স্টেশন ও স্যাটেলাইট রেডিও প্ল্যাটফর্ম সিরিয়াস এক্সএম ইতিমধ্যে এআই উপস্থাপক নিয়ে কাজ শুরু করেছে। তবে এসব নিয়ে বিতর্কও রয়েছে। যেমন—গত বছর পোল্যান্ডের একটি রেডিও স্টেশন তাদের সাংবাদিকদের বাদ দিয়ে এআই উপস্থাপক ব্যবহার করলে স্টেশনটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। শেষ পর্যন্ত সেই ‘পরীক্ষামূলক’ প্রকল্প বাতিল করতে বাধ্য হয়।

তথ্যসূত্র: দ্য ভার্জ ও ইনডিপেন্ডেন্ট ইউকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ১১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রিলায়েন্স গ্রুপ

হেডফোনে বিষাক্ত রাসায়নিক, পুরুষ হয়ে যাবে মেয়েলি

ব্রাউজারে আর চলবে না মেসেঞ্জার, থাকবে না ডেস্কটপ অ্যাপও

বিশ্বজুড়ে বড় বিভ্রাটের পর স্বাভাবিক ইউটিউব, যে কারণ জানা গেল

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম বন্ধ ঘোষণা

ভাইরাস: সুপার মারণাস্ত্র হয়ে আবারও ফিরছে কি

বিজ্ঞান ও প্রযুক্তিতে ফেব্রুয়ারি

টিকটক: তথ্য নিচ্ছে অ্যাকাউন্ট ছাড়াই, বন্ধ করতে যা করবেন

হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করল রাশিয়া

ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে উন্নত এনক্রিপশন প্রযুক্তি আনছে গুগল