হোম > সারা দেশ > সিলেট

সিলেটে জাল টাকার নোটসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জাল টাকার বিপুল পরিমাণ নোটসহ সিলেটে পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ এর (এপিবিএন) সদস্যরা। গতকাল মঙ্গলবার নগরীর সুবিধবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় এপিবিএন-৭ সিলেটের এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে নগরীর কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’ 

গ্রেপ্তার মো. মহিদুল হক ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ঘোলঘাই গ্রামের বাসিন্দা। তিনি সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল। মাস খানিক আগে পুলিশ লাইন থেকে পালিয়ে বেরিয়ে যান। 

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে এপিবিএন-৭ সিলেট এর কাছে খবর আসে কোরবানি ঈদে পশু কেনা–বেচায় জাল টাকা ব্যবহারের উদ্দেশ্যে নগরের সুবিধবাজার মোড়ে কতিপয় লোক জড়ো হয়েছেন। খবর পেয়ে এপিবিএন-৭ সদস্যরা সুবিধবাজার ইবিএল ব্যাংকের সামনে গেলে টের পেয়ে দৌড়ে পালাবার চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল পদে কর্মরত বলে জানান। 

পরে তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের ডান পকেট থেকে ৫০০ টাকার একটি বান্ডিল, যার মধ্যে ৯২,০০০ মূল্যমানের জাল নোট। প্রত্যেকটি নোটের সিরিয়াল নম্বর ক ক ২৯,০০৯৮১। বাঁ পকেটে ২০০ টাকার বান্ডিল, যার মধ্যে ২৯,৬০০ মূল্যমানের জাল নোট যার প্রত্যেকটি নোটের সিরিয়াল নম্বর ক ক ৯৬৯৯৪৩ এবং ১০০ টাকার একটি বান্ডিল যার মধ্যে ১৪,৯০০ মূল্যমানের জাল নোট, প্রত্যেকটি নোটের সিরিয়াল নম্বর চ ক ০০০০০০০ এবং সবগুলো নোটে লাল কালিতে ‘খেলনা টাকার নমুনা’ লেখা আছে। মোট ১ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট জব্দ করা হয়। 

সূত্রে জানায়, গ্রেপ্তার মহিদুল হক ২০২৩ সালের ২৬ জুলাই থেকে তার প্রথম স্ত্রীর মামলার কারণে সাময়িক বরখাস্ত আছেন। বরখাস্ত অবস্থায় তার নজরদারিতে দুজন কনস্টেবলকে পাহারার দায়িত্বে রাখা হয়েছিল। তিনি কনস্টেবলদের ফাঁকি দিয়ে চলতি বছরের ৩ মে পুলিশ লাইন থেকে পালিয়ে যান। 

এসএমপির উপকমিশনার (সদর ও প্রশাসন) অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘কনস্টেবল মহিদুল হক সাময়িক বরখাস্ত ও নজরদারিতে থাকা অবস্থায় পালিয়ে যান। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত চলছিল। এর মধ্যে আবার এই ঘটনা ঘটাল। এখন বিধিমোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত