হোম > অর্থনীতি

বাংলাদেশগামী নেপালি পণ্যবাহী ট্রাকের ওজনসীমা বাড়াল ভারত

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

নেপাল থেকে বাংলাদেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে নেপালি ট্রাকের ওজনসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। নতুন এই পদক্ষেপ কাকারভিট্টা-ফুলবাড়ী-বাংলাবান্ধা স্থলপথ ব্যবহার করে নেপাল-বাংলাদেশ বাণিজ্য আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় গত রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

এর আগে, ভারতের সড়ক পরিবহন নীতিমালা অনুযায়ী, দুই অ্যাক্সেল যানবাহনের জন্য ওজনসীমা ১৮ দশমিক ৫ টন এবং তিন অ্যাক্সেল যানবাহনের জন্য ২৮ টন নির্ধারিত ছিল। নেপালের অনুরোধে এই সীমা বাড়ানো হয়েছে। তবে নতুন সীমা নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১০-১১ জানুয়ারি কাঠমান্ডুতে অনুষ্ঠিত ভারত-নেপাল আন্তসরকারি কমিটির (আইজিসি) বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ভারতের বাণিজ্যসচিব সুনীল বার্থওয়াল এবং নেপালের শিল্প, বাণিজ্য ও সরবরাহ সচিব গোবিন্দ বাহাদুর কার্কি সভাপতিত্ব করেন। সেখানে নেপাল থেকে পণ্য পরিবহনের চাহিদা এবং সমস্যাগুলো তুলে ধরা হয়।

ব্যবসায়ীদের মতে, ওজনসীমা কম থাকায় পরিবহন খরচ বেশি হয়ে যেত। নির্ধারিত ওজনসীমার বেশি পণ্য পরিবহন করতে হলে অতিরিক্ত ট্রাক ভাড়া করা অথবা জরিমানা দিতে হতো। ওজনসীমা বৃদ্ধির ফলে পরিবহন খরচ কমবে এবং নেপাল থেকে বাংলাদেশে পণ্য পরিবহন আরও সহজ হবে। নেপাল ও বাংলাদেশের ব্যবসায়ীরা বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার সুযোগ পাবেন। বিশেষত কৃষি, মেশিনারি, কেমিক্যাল এবং অন্যান্য খাতে বাণিজ্য সম্প্রসারণ সম্ভব হবে।

বাংলাদেশের উত্তরাঞ্চলের বাংলাবান্ধা স্থলবন্দর দুই দশকের বেশি সময় ধরে নেপাল ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সংযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভারতের ৫২ কিলোমিটার দীর্ঘ ‘চিকেনস নেক’ নামে পরিচিত সিলিগুড়ি করিডর হয়ে এই স্থলবন্দর দুটি দেশের মধ্যে পণ্য পরিবহনে মূল পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

১৯৯৭ সালের ৩১ আগস্ট এই পথ চালু হওয়ার পর থেকে এটি নেপাল-বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর সেতুবন্ধন হিসেবে কাজ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ওজনসীমা বাড়ানোর এই পদক্ষেপ নেপাল ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করবে।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল