হোম > খেলা > ক্রিকেট

রশিদ-মুজিবের ‘স্পিন বিষে’ নীল স্কটল্যান্ড

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় পেল আফগানিস্তান। প্রথম রাউন্ডে বাংলাদেশকে হারানো স্কটিশরা আজ পাত্তাই পেল না মোহাম্মদ নবীর দলের কাছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই একচ্ছত্র আধিপত্য দেখিয়ে আফগানরা ম্যাচ জিতে নিল ১৩০ রানে।

শারজায় আফগানদের দেওয়া ১৯১ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে মুখ থুবড়ে পড়েন স্কটল্যান্ডের ব্যাটাররা। দলের তারকা লেগ স্পিনার রশিদ খান আক্রমণে আসার আগেই মুজিব-উর রহমানের স্পিন বিষে নীল হয় স্কটিশরা। 

পরে রশিদ বোলিংয়ে এসে স্কটিশদের কাটা ঘায়ে নুনের ছিটা দেন। এই দুই স্পিনার মিলে নিয়েছেন ৯ উইকেট। তাতে ৬০ রান তুলতেই শেষ স্কটল্যান্ড। 

শুরুতে অবশ্য জর্জ মানসি ও কাইল কোয়েটজার বেশ আশা জাগানিয়া শুরু করেছিলেন। তবে ২৮ রানে কোয়েটজারকে বোল্ড করে ধ্বংসযজ্ঞের শুরু করেন মুজিব। ওই ওভারেই ফেরান ক্যালাম ম্যাকলিওড আর রিচি বেরিংটনকে। ২৮ রানে ৩ উইকেট হারানো স্কটল্যান্ড আর দাঁড়াতেই পারেনি। 

পাওয়ার প্লেতে ৩৭ রান তুলতেই নেই ৫ ব্যাটার। চারজনকেই ফিরিয়েছেন মুজিব। সপ্তম ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন রশিদ। বোলিংয়ে এসে মাইকেল লিস্ককে রানের খাতা খোলার আগেই এলবিডব্লুর ফাঁদে ফেলেন। পরের ওভারে মুজিব এসে মার্ক ওয়াটকে বোল্ড করে ‘ফাইফার’ পূর্ণ করেন। মুজিবের ঘূর্ণিতে চোখে সর্ষে ফুল দেখেছেন স্কটিশ ব্যাটাররা। ৫ উইকেটের কোনোটিতেই সতীর্থের সহায়তা নিতে হয়নি তাঁর। তিনজনের স্টাম্প উপড়েছেন, বাকি দুজনকে করেছেন এলবিডব্লু। ৫৩ রানের ৮ উইকেট হারানো স্কটল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেছেন আরও আগেই। পরে বাকিরা শুধু ব্যবধান কমিয়েছেন। রশিদ নিয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি পেসার নবীন-উল-হকের। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে হজরতউল্লাহ জাজাই-রহমানউল্লাহ গুরবাজ-নাজিবুল্লাহ জাদরানরা শারজায় রীতিমতো ছক্কা বৃষ্টি নামান। সেই ছক্কাগুলোও চোখে অনেক দিন লেগে থাকার মতো। বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় ১০৩ মিটারের ছক্কাটা হাঁকিয়েছেন জাদরান। বড় ছয়ের এই তালিকার বাকি চারটির তিনটি হাঁকিয়েছেন জাজাই, আরেকটি গুরবাজ। সব মিলিয়ে ১১টি ছক্কা হাঁকিয়েছেন আফগান ব্যাটাররা। পরে এই ১১ ছক্কার রানটুকুই তুলতে পারেনি স্কটিশরা। 

জাদরান ৫৯, গুরবাজ ৪৬ আর জাজাই করেন ৪৪ রান। স্কটিশ বোলারদের ওপর ‘স্টিম রোলার’ চালিয়ে শেষ পর্যন্ত ১৯০ রান তোলে আফগানরা। স্কোরকার্ড দেখে ব্যাটিং ঝড় পুরোটা বোঝা না গেলেও সেটি বোঝার কথা দানবীয় সব ছক্কা দেখে! সময় থাকলে ম্যাচের হাইলাইটসটাও দেখে নিতে পারেন। 

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান

৪ বছর পর বিশ্বকাপ খেলতে আসা জিম্বাবুয়ে কীভাবে বদলে গেল

পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, বলছেন সৈয়দ আশরাফ

অস্ট্রেলিয়াকে ঘায়েল করার সুবর্ণ সুযোগ দেখছে ওমান