হোম > খেলা > ফুটবল

পেলেকে হারিয়ে কাঁদছেন সান্তোসের সেই নরসুন্দর

মৃত্যুতে ৬৬ বছরের বন্ধন ছিন্ন হলো তাঁদের। আর কখনো জোয়াও আরউহোর কাছে চুল কাটাতে আসবেন না পেলে। পেলেকে হারিয়ে শোকাহত জোয়াও। সান্তোসের এই নরসুন্দর ছিলেন ফুটবল-সম্রাটের কাছের বন্ধু। সান্তোসে যিনি পরিচিত ‘দিদি’ নামে।

কোলন ক্যানসারের কাছে হার মেনে ৮২ বছর বয়সে পেলে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। দীর্ঘদিনের বন্ধু ও ক্রেতাকে হারিয়ে দিদি বলেছেন, ‘আমরা দেশের সবচেয়ে বড় সম্পদ হারিয়েছে। ব্রাজিল হারিয়েছে, পুরো বিশ্ব হারিয়েছে। বড় ক্রেতা এবং মহৎ বন্ধুকে হারিয়েছি।’

দিদির দোকানটা বলতে গেলে ‘মিনি পেলে জাদুঘর’ ছিল। পুরো দেয়ালে শুধু পেলের ছবি আর ছবি। বড় ম্যাচের ছবিসহ পেলের চুল কাটছেন এমন ছবিও রেখেছেন দিদি। আছে নিজের বিশাল এক ছবিতে পেলের দেওয়া অটোগ্রাফও।

পেলের সঙ্গে ১৯৫৬ সালে প্রথম দেখা হয় দিদির। ফুটবল ক্লাব সান্তোসের বাইরে তাঁর দোকান। একদিন চুল কাটাতে তাঁর দোকানে আসেন পেলে। সে সময় ১৬ বছর বয়স ছিল কিংবদন্তির। সেই থেকে তাঁদের বন্ধুত্বের শুরু। এরপর থেকে প্রতিবারই দিদির কাছে চুল কাটিয়েছেন ফুটবল-সম্রাট পেলে।

সেই স্মৃতি স্মরণ করে দিদি বলেছেন, ‘এখানে যখন এসেছিল, সে খুবই ছোট ছিল। কেউ তাকে নিয়ে বড় কিছু চিন্তা করেনি। আমরা ভেবেছিলাম, সে একজন ভালো ফুটবলার, রাজা নন। সে পরে রাজা হয়েছে এবং রাজা হয়েই মারা গেছে।’

বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। ক্যারিয়ারে ১২৮৩ গোল করেছেন ব্রাজিল কিংবদন্তি। তাঁর গোলের সমান চুল কেটেছেন বলে মনে করেন দিদি! পেলের সহস্রবারের বেশি চুল কেটেছেন বলে দাবি তাঁর। দিদি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘সে এটি পছন্দ করত। মৃত্যুর আগ পর্যন্ত তার চুল কেটেছি।’

বছর দুয়েক আগে কোলন ক্যানসার ধরা পড়লে চুল কাটাতে আর দিদির দোকানে আসতেন না পেলে। সে সময় তাঁর বাসায় গিয়ে চুল কেটেছেন তিনি। এ বিষয়ে ৮৪ বছর বয়সী এই নরসুন্দর বলেছেন, ‘সে সব সময় আমাকে ডাকত এবং আমি তার চুল কাটতে যেতাম। তবে কিছুদিন পর যখন খুবই অসুস্থ হয়ে পড়ে, তখন আর যাওয়া হয়নি।’

পেলের কাছে প্রতিবার চুল কাটতে ৭৮০ টাকা নিতেন দিদি। ফুটবল রাজাকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকাহত তিনি। আর্দ্র গলায় বলেছেন, ‘ঈশ্বর তার খেয়াল রাখবেন।’ আগামী মঙ্গলবার বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থ মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় মহারাজাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা