
খুলনার পাইকগাছায় সরকারি অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছে অধিকাংশ ইটভাটা, যেখানে জ্বালানি হিসেবে দেদার পোড়ানো হচ্ছে তাজা গাছ। আর ইটের কাঁচামাল হিসেবে কেটে আনা হচ্ছে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। স্থানীয় প্রশাসনের অভিযান ও জরিমানার পরও এ কার্যক্রম থামছে না।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চাঁদখালী, গদাইপুর, রাড়ুলী ও হরিঢালী ইউনিয়নে ১৫টি ভাটা কৃষিজমিতে স্থাপন করা হয়েছে। পাশেই রয়েছে জনবসতিসহ নানা প্রতিষ্ঠান। এসব ভাটার মধ্যে দুটি পরিবেশবান্ধব। অন্যগুলোর ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ। নীতিমালা অনুযায়ী যেকোনো প্রতিষ্ঠান থেকে ১ কিলোমিটার দূরত্বে ও বনাঞ্চল থেকে ২ কিলোমিটার দূরে ভাটা স্থাপনের কথা থাকলেও অল্প দূরত্বে এসব ভাটা স্থাপন করা হয়েছে।
ভাটাসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, মধ্যম সারির একটি ভাটায় মৌসুমে ৪০ থেকে ৫০ লাখ ইট পোড়ানো হয়। প্রতি ২৪ হাজার ইটের জন্য ৩ হাজার ঘনফুট মাটি ব্যবহার করা হয়। কৃষিজমি থেকে এসব মাটি জোগান দেওয়া হয়। এ ছাড়া প্রতিদিন একটি ভাটায় ইট পোড়ানোর জন্য ২০০ থেকে ৩০০ মণ কাঠ জ্বালাতে হয়। কাঠ চেরাইয়ের জন্য বসানো হয়েছে করাতকল।
চাঁদখালীর কৃষক আয়ূব আলী জানান, তাঁর ফসলি জমির পাশে অনুমোদনহীন ভাটা রয়েছে। মালিক এলাকার প্রভাবশালী। ভাটার আশপাশে শত শত কৃষকের ফসলের ক্ষতি হলেও ভয়ে কেউ কথা বলেন না।
এ নিয়ে কথা হলে চাঁদখালী ইউনিয়নে এসএমবি ব্রিকস ইটভাটার মালিক নাজমুল হুদা মিথুন বলেন, ‘জরিমানার টাকা দিলে সব বৈধ হয়ে যায়। এ কারণে সেই টাকা আগে থেকেই জোগাড় করে ভাটার কাজ শুরু করি। বর্তমানে আমরা প্রতি হাজার ইট ১০ হাজার টাকায় বিক্রি করছি। কয়লা দিয়ে পোড়ালে ১ হাজার ইটের দাম পড়বে ১৫ হাজার টাকা। বিক্রির প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। সবাই কয়লা দিয়ে পোড়ালে আমরাও কয়লা দিয়ে পোড়াব।’
একই এলাকার বিবিএম ব্রিকসের মালিক আব্দুল মান্নান গাজী জানান, তাঁদের পরিবেশের কোনো ছাড়পত্র কিংবা লাইসেন্স নেই, তবে সরকার তাঁদের কাছ থেকে আয়কর ও ভ্যাট আদায় করছে। পরিবেশের ছাড়পত্রের জন্য সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে চাঁদখালী ও হরিঢালী ইউনিয়নের ছয়টি ভাটা থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। মাটি কেটে বিক্রির অপরাধে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে