
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহণের দিন ফেসবুকে ছড়িয়ে পড়েছে ব্যালট পেপার হাতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের একটি ছবি।
ফেসবুকে অসংখ্য আইডি, গ্রুপ ও পেজ থেকে ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে—আজ ভোট দেওয়ার পর শামীম ওসমান সবাইকে ব্যালট পেপার দেখিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, শামীম ওসমানের হাতে নৌকা প্রতীকে সিল মারা ব্যালট পেপার। বেশির ভাগ পোস্টের ক্যাপশনে লেখা হচ্ছে—‘গোপন আর রহিল না।’
ফ্যাক্টচেক
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করলে দেখা যায়, এটি পুরোনো ছবি। ২০১৬ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দিনের ছবি এটি।
২০১৬ সালের ২২ ডিসেম্বর নাসিক নির্বাচনের দিন অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম বিডিনিউজ ২৪ এ বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত পৃথক প্রতিবেদনে ব্যালট পেপার ধরে থাকা শামীম ওসমানের একই ধরনের কয়েকটি ছবি খুঁজে পাওয়া যায়।
অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউনে একই দিন প্রকাশিত একটি প্রতিবেদনে সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি খুঁজে পাওয়া যায়।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালের ২২ ডিসেম্বরে অনুষ্ঠিত নাসিক নির্বাচনের ভোটকেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে নৌকা মার্কায় ভোট দিয়ে সেই ব্যালট পেপার সবাইকে দেখান স্থানীয় সাংসদ এ কে এম শামীম ওসমান।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্ম সচিব মো. শাজাহান বলেন, ‘অবশ্যই ভোট দিতে হবে গোপনীয়ভাবে এবং গোপন কক্ষে গিয়ে। প্রকাশ্যে দেখানোর বিধান নেই। এটা আচরণবিধির লঙ্ঘন ও বেআইনি।’
এ বছর নাসিক নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ১৬ জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে শামীম ওসমান ইভিএমে ভোট দেন। ফলে ব্যালট পেপার দেখানোর কোনো সুযোগ এই নির্বাচনে ছিল না।
সিদ্ধান্ত
ফেসবুকে ব্যালট পেপার হাতে ভাইরাল হওয়া শামীম ওসমানের ছবিটি আজকের (১৬ জানুয়ারি, ২০২২) নয়। এটি ২০১৬ সালে অনুষ্ঠিত নাসিক নির্বাচনের ভোটের দিনের ছবি।
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]
আরও পড়ুন ফ্যাক্টচেক:

গাঁজা ব্যবসায়ীকে শাস্তি দিচ্ছেন মাদারীপুরের নতুন এমপি—এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মারধর করতে দেখা যায়। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
‘তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ পাঠ আমি করাতে আগ্রহী—মিজানুর রহমান আজহারী’ (বানান অপরিবর্তিত) দাবিতে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এই পোস্টে দাবি করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ
৩ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ বছর পর ভোট দিয়েছেন।
৪ দিন আগে
‘নির্বাচনে জাল ভোট পড়েছে ২১.৪ শতাংশ: টিআইবি’ দাবিতে নাগরিক টিভির একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নাগরিক টিভি-র এ সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটের ২১ শতাংশ জাল ভোট পড়েছে। নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণের ভিত্তিতে বিভিন্ন অসঙ্গতি
৪ দিন আগে