
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাংলাভাষী অধ্যুষিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করেছে রাজ্য সরকার। বাংলাদেশ লাগোয়া এই জেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শ্রীভূমি। আসামের মন্ত্রিসভা গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আসামের বরাক নদের অববাহিকায় অবস্থিত যেসব জেলায় বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যাধিক্য আছে, সেই তিনটি জেলার একটি করিমগঞ্জ। জেলার নতুন নামকরণ করা প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিকে সম্মান জানাতে এবং এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, ‘প্রায় এক শ বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক করিমগঞ্জ জেলা অঞ্চলকে শ্রীভূমি অর্থাৎ, মা লক্ষ্মীর ভূমি হিসেবে বর্ণনা করেছিলেন। আজ আসাম মন্ত্রিসভা সেই দীর্ঘদিনের দাবি পূরণ করল।’
হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, রাজ্যের দক্ষিণ প্রান্তের এই জেলার পুরোনো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যেই নাম পরিবর্তন করা হয়েছে। আলাদা এক এক্স পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, ‘করিমগঞ্জের নতুন নাম শ্রীভূমি এর নিজস্ব পরিচিতি গড়ে তুলবে। সেই সঙ্গে এটি জেলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যও তুলে ধরবে।’
সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় হিমন্ত বিশ্বশর্মা জানান, রাজ্য সরকার এমন আরও কিছু নাম পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে, যা অঞ্চলগুলোর ইতিহাস, সংস্কৃতি ও তাৎপর্যকে প্রতিনিধিত্ব করে। তিনি বলেন, ‘যেসব নাম ইতিহাসের সঙ্গে সম্পর্কিত নয় বা প্রচলিত অভিধানে নেই, সেগুলো পরিবর্তন করা হবে। করিমগঞ্জ নামটি অসমিয়া বা বাংলা অভিধানে পাওয়া যায় না। তবে শ্রীভূমি অভিধানে উল্লিখিত এবং অর্থপূর্ণ।’
এর আগে ব্রিটিশ আমলে ১৮৭৮ সালে করিমগঞ্জকে সিলেট জেলার একটি মহকুমা হিসেবে গঠন করা হয়। করিমগঞ্জ শহর ছিল এই মহকুমার সদর দপ্তর। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় সিলেট জেলা পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) অন্তর্ভুক্ত হয়। তবে করিমগঞ্জ মহকুমার তিনটি ও অর্ধেক থানা এলাকা (রতাবাড়ী, বদরপুর, পাথারকান্দি এবং করিমগঞ্জের একটি অংশ) ভারতীয় ভূখণ্ডে থেকে যায়।
পরে এই মহকুমাকে কাছাড় জেলার অন্তর্ভুক্ত করা হয়। ১৯৮৩ সালের ১ জুলাই করিমগঞ্জকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে উন্নীত করা হয়। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, করিমগঞ্জ জেলার জনসংখ্যা প্রায় ১২ লাখ।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে