
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারে তাঁর জামান পার্কের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ। তাঁর বাসভবনের সামনে এখনো পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। পাকিস্তানের আরও বেশ কয়েকটি শহরেও বিক্ষোভ ছড়িয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা ও দ্য ডন।
টুইটারে এক ভিডিও বার্তায় নেতা-কর্মীদের উদ্দেশে ইমরান খান বলেছেন, ‘প্রকৃত স্বাধীনতার অধিকারের লড়াই চালিয়ে যেতে হবে। তাঁরা মনে করছে, আমাকে গ্রেপ্তার করলে পুরো দেশ ঘুমিয়ে পড়বে। তাঁদের এই ধারণা ভুল প্রমাণ করতে হবে।’
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, লাহোরে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও ইমরান খানের সমর্থক আহত হয়েছেন। বিক্ষোভকারীদের ইট-পাটকেলের জবাবে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ।
ডনের প্রতিবেদনে বলা হয়, প্রধান প্রধান শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইসলামাবাদ, পেশোয়ার, করাচিসহ আরও বেশ কিছু শহরে বিক্ষোভ চলছে।
ইসলামাবাদ পুলিশ দাবি করেছে, ইমরান খানের বাড়ির ছাদ থেকে ইট-পাটকেল ছোড়া হয়েছে। এতে ৫ কর্মকর্তা আহত হয়েছেন।
এর আগে একজন নারী বিচারককে হুমকি দেওয়ার মামলায় ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের দায়রা আদালত।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ২০ আগস্ট এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ইমরান খান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরী ও পুলিশ কর্মকর্তাদের হুমকি দেন। পরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়।
গতকাল সোমবার ওই মামলার তিন পৃষ্ঠার রায় প্রকাশ করেন সিভিল জজ রানা মুজাহিদ রহিম। একই সঙ্গে তিনি ‘হাজিরায় বারবার অনুপস্থিত’ থাকার কারণ দেখিয়ে ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
জিও নিউজ আরও জানিয়েছে, শুনানিতে অংশ নেওয়ার জন্য বিচারকের সামনে শারীরিকভাবে উপস্থিত হওয়া থেকে অব্যাহতির অবেদন করেছিলেন ইমরান খান। একই সঙ্গে তিনি ভিডিও লিংকের মাধ্যমে আদালতের কার্যক্রমে যোগদানের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। তবে আদালত তাঁর আবেদন নাকচ করেছেন।
পাকিস্তানে ক্ষমতাসীন শাহবাজ সরকার ইমরান খানকে কারারুদ্ধ করতে মরিয়া হয়ে উঠেছে। এর আগে ইমরান খানকে গ্রেপ্তার করতে হেলিকপ্টারে করে লাহোরে গিয়েছিল ইসলামাবাদ পুলিশ। কিন্তু সেবার পুলিশ পিটিআই চেয়ারম্যানকে বাড়িতে না পেয়ে খালি হাতে ফিরে যায়।
উল্লেখ্য, ৫ মার্চ তোশাখানা মামলায় ইমরানকে গ্রেপ্তার করতে লাহোরে তাঁর জামান পার্কের বাড়িতে গিয়েছিল ইসলামাবাদ পুলিশ। তখন পুলিশকে বলা হয়, ইমরান বাড়িতে নেই। ফলে তাঁকে গ্রেপ্তার না করেই ফিরে যায় পুলিশ।
গতকাল সোমবার তোশাখানা মামলায়ও সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গত বছরের এপ্রিলে আস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারান পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এর পর থেকে রাজপথে নানা রাজনৈতিক কর্মসূচি নিয়ে সোচ্চার হয়ে ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী। আগামী রোববার তিনি লাহোরে আবারও সমাবেশ করার ঘোষণা দিয়েছেন।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে