
গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর আগেই গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। রাফায় ইসরায়েলের পরিকল্পিত সামরিক অভিযানের প্রতিবেদন প্রকাশের পর আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তিন দেশের নেতারা এই আহ্বান জানান।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। তিন দেশের প্রধানমন্ত্রী এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েল রাফায় স্থল হামলার পরিকল্পনা করছে—এমন ইঙ্গিত পেয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। রাফায় সামরিক অভিযান চালানো হবে বিপর্যয়কর। সেখানে অবিলম্বে জরুরি ভিত্তিতে মানবিক যুদ্ধবিরতি কার্যকর করা প্রয়োজন।’
বিবৃতিতে ইসরায়েলকে আক্রমণ পরিচালনা না করার আহ্বান জানানোর সঙ্গে এটাও বলা হয়েছে যে, কোনো যুদ্ধবিরতিই একতরফা হতে পারে না। হামাসকেও তাই নিরস্ত্র করতে হবে এবং অবিলম্বে বাকি সকল জিম্মিকে মুক্তি দিতে হবে।
বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া গত জানুয়ারির রায়ের কথাও উল্লেখ করেন নেতৃবৃন্দ। তারা বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মৌলিক পরিষেবা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের জন্য ইসরায়েলকে নির্দেশ দিয়েছে বিশ্ব আদালত।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়াকে অগ্রাধিকার দিতে হবে। হামাসকে পরাজিত করার মূল্য যেন ফিলিস্তিনি বেসামরিকদের দিতে না হয় তা নিশ্চিত করতে হবে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বুধবারই রাফায় স্থল অভিযান চালানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের এলাকা খালি করার অনুমতি দেওয়ার পর দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করবে ইসরায়েল।
রাফায় হামলা চালানোর পরিকল্পনা বাতিলের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া, রাফায় ইসরায়েলি হামলা ‘হত্যাযজ্ঞ’ ঘটাতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মার্টিন গ্রিফিথস।
জাতিসংঘের মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, গাজায় ফিলিস্তিনিরা ইতিমধ্যেই এমন একটি হামলার শিকার হচ্ছে যার তীব্রতা, বর্বরতা এবং পরিধির সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না।
গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা ইসরায়েলি আক্রমণের মুখে আশ্রয় নিয়েছিলেন দক্ষিণের শহর রাফায়। যুদ্ধ শুরুর আগে শহরটি ছিল প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে উপত্যকাটির অর্ধেকের বেশি মানুষ অর্থাৎ, প্রায় ১৫ লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১৯ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে