
বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ একে একে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নারীদের মর্গে গতকাল শুক্রবার রাত পর্যন্ত পড়ে ছিল দুটি নিথর দেহ। মাথায় ঝুঁটি, গায়ে অফ হোয়াইট জামা, নীল প্যান্ট, পায়ে গোলাপি মোজা, শান্ত স্তিমিত মুখটা দেখে বোঝার উপায় ছিল না শিশুটির দেহে প্রাণ নেই। পাশে পড়ে থাকা নারীটি কি শিশুর মা নাকি অন্য কেউ সেটিও নিশ্চিত হওয়া যাচ্ছিল না।
অবশেষে গতকাল রাতে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। মর্গে পড়ে থাকা শিশুটির নাম ফাইরুজ কাশেম জামিরা (৪)। আর পাশের নারীটি তার মা মেহেরুন্নেছা হেলালী মিনা। এ ঘটনায় শিশুটির বাবাও প্রাণ হারিয়েছেন। তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন (৩৪)।
মেহেরুন্নেছার বাবা মোক্তার আলম হেলালী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এসে রাত ৯টায় তিনজনের মরদেহ শনাক্ত করেন।
মোক্তার আলম বলেন, ‘আমি ছোট মেয়েকে নিয়ে ঢাকার কাকরাইলে একটি হোটেলে ছিলাম। ছোট মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিল। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে মেয়ে মেহেরুন্নেছার বাসায় নাশতা করে আসি। মেয়ের জামাই শাহজালাল উদ্দিন সহকারী রাজস্ব কর্মকর্তা। তার অফিস ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও এলাকায়। শাহজালালের বাড়ি কক্সবাজার উখিয়া থানার পূর্ব গোয়ালিয়া গ্রামে। বাবা মুক্তিযোদ্ধা ডা. আবুল কাশেম। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে কেরানীগঞ্জ হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ এলাকায় থাকত। শাহজালাল অফিস থেকে তিন দিনের ছুটি পেয়েছিল। সেই ছুটি কাটাতে পরিবার নিয়ে খাগড়াছড়ি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল। সেই অনুযায়ী রাজারবাগ এলাকায় গ্রিন লাইন বাসের টিকিটও কেটেছিল। রাতে রওনা দেওয়ার কথা। সে জন্য সন্ধ্যায় তিনজন বাসা থেকে রওনা হয়। বেইলি রোডে ওই ভবনের কোনো একটি রেস্টুরেন্টে হয়তো খাবার খেতে উঠেছিল তারা।’
আজ শনিবার সকালে উখিয়ার উদ্দেশে তিনজনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যায় মরদেহ উখিয়ার বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।
শাহজালালের বড় ভাই হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু বলেন, আগামীকাল রোববার তাঁদের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, শাহজালালের পুরো পরিবারের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকার মানুষ শোকাহত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ২০১৮ সালে কাস্টমসে রেভিনিউ কালেক্টর (নন-ক্যাডার) হিসেবে যোগদান করেছিলেন শাহজালাল উদ্দিন। তাঁর স্ত্রী মিনা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৫ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে