
ঢাকা–বরিশাল মহাসড়কের গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের চার জনসহ ৫ জন নিহত হয়েছেন। ঢাকা থেকে একসঙ্গে তিন বোন মাইক্রোবাস ভাড়া করে মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরে বাবার বাড়িতে বেড়াতে আসছিলেন। পথে বাসের ধাক্কায় প্রাণ গেল তাঁদের। এ ঘটনায় মাইক্রোবাসের চালকও নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুরের ডোমরাকান্দি এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এ প্রাণহানি ঘটে। এ সময় সড়কের দুইপাড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
নিহতরা হলেন— মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর এলাকার কাজী আব্দুল হামিদের মেয়ে নাসিমা বেগম (৬২), সালাম বেগম (৫৮) ও আসমা বেগম (৫৬)। এ ছাড়া নিহত হয়েছেন তিন বোনের ভাবি কমল বানু (৭৫)। কমল বানু একই এলাকার কাজী হুমায়ুন কবিরের স্ত্রী। নিহত মাইক্রোবাস চালকের পরিচয় জানা যায়নি।
এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন— মাইক্রোবাসের যাত্রী, নিহত তিন বোনের আত্মীয় কাজী হুমায়ুন কবির, খায়রুল আলম কাজী ও নাজমা বেগম। বাকি একজন বাসের যাত্রীর পরিচয় জানা যায়নি।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের ডোমরাকান্দি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও একই পরিবারের চারজন নিহত হন। আহত চারজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনেরা জানান, ঢাকার ধানমন্ডি থেকে ভাবি ও আত্মীয়স্বজনদের সঙ্গে নিয়ে মাদারীপুরের কালকিনির গোপালপুরে বাবার বাড়িতে বেড়াতে আসছিলেন তিন বোন নাসিমা, সালমা ও আসমা বেগম। তিন বোন ঈদ করতে বাবার বাড়ি যাচ্ছিলেন।
বাসের যাত্রী ও পোশাক শ্রমিক নদী আক্তার রুবি, বরিশালের যাত্রী সোহাগ হাসানসহ একাধিক যাত্রী জানান, বরিশাল থেকে ছেড়ে আসার পর থেকেই অনেক গতি ছিল বাসটির। চালককে নিষেধ করা হলেও শোনেননি। পথে কালকিনির ভুরঘাটায় এক ভ্যানচালকেও ধাক্কা দেয়। পরে এই ঘটনা ঘটায়।
নিহতদের স্বজন কাজী কাজল বলেন, ‘এভাবে তিন ফুফু ও এক চাচি মারা যাবে কিছুতেই মেনে নিতে পারছি না। এত বড় শোক মানা খুব কঠিন। ঘাতক বাসের চালককে আইনের আওতায় আনার দাবি করছি। চালক বাস বেশি জোরে চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।’
তিন বোনের ভাইয়ের ছেলে কাজী আসাদ বলেন, ‘আমার চাচা হুমায়ন কবিরের পরিবারের চারজনসহ মোট পাঁচজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এমন মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা, মাদারীপুর রাজৈরের তাঁতিকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নিই। এই দুর্ঘটনায় পাঁচজন মারা গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আমার থানা এলাকার একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাটি খুবই দুঃখজনক।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে