ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার ভোটের আংশিক ফলাফলের ভিত্তিতে এ ঘোষণা দেয় দেশটির জাতীয় নির্বাচনী পরিষদ (সিএনই)। এর মধ্য দিয়ে ১১ বছর ধরে ক্ষমতায় থাকা মাদুরো তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দলগুলোর জোট।
ভোটে কারচুপির আশঙ্কায় পর্যবেক্ষকদের কেন্দ্রগুলোকে কঠোর নজরদারিতে রাখতে আগেই নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিল বিরোধী জোট। তবে গতকাল জোটের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, অনেক কেন্দ্র থেকে তাঁদের পর্যবেক্ষকদের বের করে দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভেনেজুয়েলার জাতীয় নির্বাচনী পরিষদের প্রধান এলভিস আমোরোসো দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গতকাল তৃতীয় দফায় মাদুরোর নির্বাচিত হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ৮০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে মাদুরো ৫১ দশমিক ২০ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া পেয়েছেন ৪৪ দশমিক শূন্য ২ শতাংশ ভোট। তবে ভোটের ফলাফল চ্যালেঞ্জের কথা জানিয়েছে বিরোধী দলগুলোর জোট।
দীর্ঘ ২৫ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছে মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টি। ২০১৩ সালে শ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় বসেন মাদুরো। রোববারের নির্বাচনের আগে গত বৃহস্পতিবার ছিল এবারের নির্বাচনী প্রচারের শেষ দিন। এদিন রাজধানী কারাকাসের রাস্তায় বিশাল নির্বাচনী সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার জানান দেয় পিএসইউভি পার্টি। সমাবেশে বিরোধীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ তোলেন মাদুরো। তাঁর দাবি, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাঁর বিকল্প নেই। এ সময় সমাবেশে অংশগ্রহণকারী হাজার হাজার মানুষ তাঁর বক্তব্যের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন। যদিও নির্বাচনপূর্ব বিভিন্ন জনমত জরিপে মাদুরোর চেয়ে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গঞ্জালেজের এগিয়ে থাকার আভাস দেওয়া হয়েছিল।
গতকাল ঘোষিত ফল প্রত্যাখ্যান করে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া বলেন, ‘পুরো দুনিয়াকে এটা জানাতে চাই, দেশের প্রতিটি রাজ্যে আমরা বিজয়ী হয়েছি।’ এ সময় ৭০ শতাংশ ভোটে জয়ী হওয়ার দাবি করেন তিনি।
এদিকে গতকাল ঘোষিত ফলাফল নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ঘোষিত ফলাফলে ভেনেজুয়েলার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তবে মাদুরোর মিত্র হিসেবে পরিচিত কিউবা বলেছে, ভোটে জনগণের মতামতের প্রতিফলন ঘটেছে এবং বিপ্লব বিজয়ী হয়েছে।

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
২ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
৩ ঘণ্টা আগে