
রিং আইডির ফেসবুক পেজে বিজ্ঞাপন। যে কেউ চাইলেই নিজের আইডি থেকে মাসে ৭ থেকে ১৫ হাজার টাকা উপার্জন করতে পারবেন। আয়ের এমন লোভনীয় বিজ্ঞাপন দেখে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হাজার হাজার মানুষ রিং আইডির সদস্য হয়ে যান। গোল্ড, সিলভার, প্রবাসী সদস্যপদ নিতে খরচ পড়ত ১০ থেকে ২৫ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, রিং আইডিতে বিনিয়োগকারীর সংখ্যা ৫০ লাখের বেশি।
রাজধানীর ভাটারা থানায় এক ভুক্তভোগীর করা মামলায় শুক্রবার রাতে রাজধানীর গুলশান থেকে রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে এসব তথ্য। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, ইভ্যালির মতো ই-কমার্সে যাওয়ার সব প্রস্তুতি শেষ করেছিল রিং আইডি।
সিআইডির সাইবার শাখার বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ আজকের পত্রিকাকে জানান, গত মে, জুন ও জুলাই —এই তিন মাসে ২১৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রিং আইডি। তাদের ব্যাংক হিসাবে বর্তমানে দেড় শ কোটি টাকা রয়েছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টগুলো ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে।
গ্রাহকদের অভিযোগ, রিং আইডি প্রায় ১ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এর মধ্যে দেড় শ কোটি ব্যাংকে থাকলেও বাকি টাকার কোনো হদিস মিলছে না।
২০১৫ সালে রিং আইডি প্রাথমিকভাবে একটি সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে যাত্রা শুরু করে। পরে তারা এই প্ল্যাটফর্মে বিভিন্ন সার্ভিস যোগ করে জনগণের কাছে থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করে। এসব সার্ভিসের ভেতরে রয়েছে বৈদেশিক বিনিয়োগ, কমিউনিটি জবস, পণ্য ক্রয়-বিক্রয় ইত্যাদি। করোনাকালে তহবিল সংগ্রহের মাধ্যমেও জনগণের কাছে টাকা নিয়েছিল রিং আইডি।
প্রতিষ্ঠানটির গ্রাহক জাহিদ হোসেন জানান, গত ২৩ সেপ্টেম্বর ২২ হাজার টাকায় প্রতিষ্ঠানটির সদস্যপদ কেনেন তিনি। পরিবারের আরও দুজনকে দিয়েও তিনি সদস্যপদ কেনান। সদস্য হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিজ্ঞাপন দেখে টাকা আয়ের কথা বলা হলেও তাঁরা এখন পর্যন্ত কিছুই পাননি।
রিং আইডির আরেক গ্রাহক রুবেল আহমেদ বলেন, ‘আমরা দুজন মিলে সদস্যপদ কিনেছিলাম। একজন ঘুমালে আরেকজন বিজ্ঞাপন দেখতাম কিছু টাকা পাওয়ার আশায়। এখন সেই টাকা তুলতে পারছি না।’
রিং আইডির ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম ও তাঁর স্ত্রী (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) আইরিন ইসলাম বর্তমানে কানাডায় রয়েছেন। ২০১৬ সালের ডিসেম্বরে এই দম্পতির বিরুদ্ধে টেলিটকের নম্বর সিরিজ ব্যবহার করে কল জালিয়াতির অভিযোগ ওঠে। সেই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
শুক্রবার গ্রেপ্তারের পর শনিবার দুপুরে সাইফুল ইসলামকে ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক সোহেল রানা পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে রিং আইডির বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ছাড়াও সাইফুলের বিরুদ্ধে ৪২০ ধারায় প্রতারণা এবং ৪০৬ ধারায় অর্থ আত্মসাৎ মামলা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে