দীর্ঘ পাঁচ বছর সৌদি আরবে থাকার পর সম্প্রতি দেশে আসেন মাধবপুরের পারভীন আক্তার। কিন্তু দেশে আসার দেড় মাস যেতে না যেতেই আবারও তিনি সৌদি আরব চলে যেতে চান। এতে বাধা দেন পারভীন আক্তারের স্বামী। এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় কলহ। একপর্যায়ে রাগে ও ক্ষোভে রাতের আঁধারে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা করলেন তকবীর হোসেন।
আজ বুধবার ভোররাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পারভীন আক্তার (৩৫) ওই গ্রামের নূরুল ইসলামের মেয়ে। তকবীর হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাঁন্দেরপাড় গ্রামের রেণু মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তকবীর হোসেন পলাতক রয়েছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, প্রায় ছয় বছর আগে পারভীন ও তকবীর হোসেনের বিয়ে হয়। সম্পর্কে তাঁরা আপন খালাতো ভাইবোন। বিয়ের পর তকবীর হোসেন শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে চলে আসেন।
বিয়ের বছরখানেক পর স্ত্রী পারভীন আক্তার জীবিকার তাগিদে সৌদি আরব চলে যান। দীর্ঘ পাঁচ বছর সেখানে ছিলেন। দেড় মাস আগে তিনি দেশে ফিরে আসেন। কিন্তু সম্প্রতি আবারও সৌদি আবর ফিরে যেতে চান। কিন্তু স্বামী তকবীর হোসেন স্ত্রীকে বিদেশ যেতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কলহের সৃষ্টি হয়।
মঙ্গলবার মধ্যরাতে এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বুধবার ভোররাতে হঠাৎ ঘুমন্ত স্ত্রীর গলা কেটে পালিয়ে যান তকবীর। পরিবারের সদস্যরা পারভীন আক্তারকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ঘটনার পর থেকে তকবীর হোসেন পলাতক রয়েছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে