
বগুড়ায় দুই শ্রমিকনেতার ওপর হামলার প্রতিবাদে নওগাঁ থেকে বগুড়া ও ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল থেকে ঘোষণা ছাড়াই আন্তজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীরা।
পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়ার স্টেশন রোডের মিতালী পাম্প এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি অটোচালকদের বাগ্বিতণ্ডা হয়। এ সময় পরিস্থিতি সামলাতে গেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলা করা হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকদের একাংশ নওগাঁ থেকে বগুড়ার ওপর দিয়ে চলাচলকারী বাস আটকে দেয়, ফলে বন্ধ হয়ে যায় এই রুটের বাস চলাচল।
এদিকে বাস বন্ধ থাকায় ভোর থেকে বাসস্ট্যান্ডে এসে অপেক্ষা করা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেউ কেউ বাসের অপেক্ষায় বসে থাকলেও অনেকে বাধ্য হয়ে ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা কিংবা ছোট গাড়িতে দ্বিগুণ-তিনগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।
বগুড়াগামী যাত্রী মোসলেম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জরুরি কাজে বগুড়া যেতে হবে, কিন্তু বাস নেই। বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়ায় ইজিবাইকে যেতে হচ্ছে। এটা সাধারণ মানুষের হয়রানি ছাড়া কিছুই নয়। শ্রমিকদের ঝামেলায় ভুগতে হচ্ছে আমাদের।’
ঢাকাগামী যাত্রী সুমন হোসেন বলেন, ‘ঈদের আগে জরুরি কাজে ঢাকা যেতে হবে, তাই সকাল সকাল এসে কাউন্টারে দাঁড়িয়েছি। কিন্তু এসে দেখি কোনো বাস নেই।’
একইভাবে চাকরিজীবী ফারুক আহমেদ বলেন, ‘আমার অফিসে খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে। বাস বন্ধ থাকায় সময়মতো ঢাকায় পৌঁছানো সম্ভব হবে না। প্রয়োজনে অন্য পথে ঘুরে যাব, কিন্তু এতে সময় ও ভাড়া দুটোই বেশি লাগবে।’
শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন, ‘আমার ঢাকায় পরীক্ষা আছে। আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম। এখন এসে দেখি বাস বন্ধ! কী করব বুঝতে পারছি না।’
নওগাঁ শহরের এক ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ‘বগুড়ায় আমার দোকানের জন্য কিছু মালামাল আনতে হবে। বাস বন্ধ থাকায় যেতে পারছি না। ইজিবাইকে গেলে খরচ কয়েক গুণ বেশি পড়বে। ফলে ব্যবসায় ক্ষতি হবে।’
এ বিষয়ে নওগাঁ বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘বগুড়ায় শ্রমিকনেতাকে ছুরিকাঘাতের ঘটনায় শ্রমিকদের ক্ষোভের কারণে আপাতত নওগাঁ থেকে বগুড়া ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু বাস বগুড়ার কাহালুর ভেতর দিয়ে বিকল্প পথে চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল আবার শুরু হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে