
তফসিল প্রত্যাখ্যান করে গতকাল রোববার থেকে টানা দুই দিনের হরতাল ডেকেছে বিএনপি। চলমান কর্মসূচির মধ্যে ওই দিন বরিশাল নগরের সড়কে গাড়ি নিয়ে শোডাউন করেছেন সদ্য কারামুক্ত বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান।
হরতাল কর্মসূচি চলাকালীন গতকালের ওই ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করেন নেতা-কর্মীরা।
অভিযোগ উঠেছে, দলটির টানা কর্মসূচিতে দক্ষিণ জেলা বিএনপিসহ নগরঘেঁষা সদর উপজেলার শীর্ষ নেতারা মাঠে নেই।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান। এ সময় সেখানে তাঁর সমর্থক নেতা-কর্মীরা ছিলেন। তাঁরা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে একটি সাদা গাড়িতে চড়ে শোভাযাত্রা নিয়ে নগরের সদর রোড থেকে গন্তব্যে যান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কবির খান নামে বিএনপির এক কর্মী বলেন, ‘নির্বাচনের নমিনেশন নিয়ে হাজির আবুল ভাই।’
নুরুল ইসলাম নামে অপর এক কর্মী মন্তব্য করেন, ‘চলমান হরতালের মধ্যে একজন নেতার এভাবে গাড়িতে করে শোডাউন দেওয়া উচিত হয়নি।’
এ বিষয়ে বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান জানান, তিনি ১ নভেম্বর অবরোধ চলাকালে সিঅ্যান্ডবি রোড থেকে গ্রেপ্তার হন। গতকাল সন্ধ্যার আগে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। তাঁর ধারণা ছিল, পুলিশ আবার তাঁকে গ্রেপ্তার করবে। সে কারণে গাড়িতে করে স্থান ত্যাগ করার চেষ্টা করেন।
কিন্তু কারাগারের প্রধান ফটকে অসংখ্য নেতা-কর্মী জড়ো হন। মুক্ত হয়ে নিরাপদে যেতে গাড়িতে উঠেছেন। এ সময় সব নেতা-কর্মীকে হাত তুলে অভিবাদন করেছেন মাত্র। যাঁরা সমালোচনা করেন, তাঁরা তো মাঠে নেই, তিনি মাঠে আছেন।
এ ঘটনায় বরিশাল সদর উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য কেন্দ্রীয় নেতা আবু নাসের রহমাতুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালের সময় গাড়িতে শোডাউন দেওয়া উচিত হয়নি। এটি দুঃখজনক ঘটনা। এখন তো ফুলের মালা নেওয়ারও সময় নেই। আবুল হোসেনের হেঁটেই যাওয়া উচিত ছিল।’
তিনি আক্ষেপ করে আরও বলেন, ‘সদর উপজেলা আহ্বায়ক এনায়েত হোসেন বাচ্চু, সদস্যসচিব রফিকুল ইসলামও মাঠে নামছে না। যদিও এটি বিএনপির ঘাঁটি। তাদের বলা হয়েছে কিন্তু শুনছে না।’
এ বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি দেখেছেন আবুল ভাই জেল গেট থেকে বেরিয়ে সাদা একটি গাড়িতে চড়েছেন। হরতালের মধ্যে এটা একধরনের ভুল হতে পারে। জেল গেটে কিছু কর্মী গেছে। তবে সেখানে শোডাউন কিংবা ফুল দিয়ে বরণ করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘সদর উপজেলা বিএনপির নেতাদের কার্যক্রম ধীর গতির। তাদের কাজ সন্তোষজনক নয়।’
এ বিষয়ে মন্তব্য জানতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে