
ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের মরদেহ ফেরত পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। নিহত হাদিসুরের মরদেহ বাড়িতে আসবে কি না, তা নিয়ে এখন শঙ্কা তাঁদের।
নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে। তিনি ওই এলাকায় নাদেরিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুর রাজ্জাকের ছেলে। চার ভাইবোনের মধ্যে হাদিসুর মেজো।
আরিফের বাবা আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, ‘আমার ছেলে তো আর নেই। বাবারে শেষ দেখা দেখতেও পারলাম না। আমাদের বাঁচার অবলম্বনটুকু শেষ। এখন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি, আমরা যেন আমাগো আরিফের লাশটা পাইতে পারি। ক্ষতি যা হওয়ার হইছে, এহন পোলার লাশটা আইন্না দ্যান আমনেরা।’
গত বুধবার মা ও ছোট ভাইয়ের সঙ্গে সর্বশেষ কথা বলেন হাদিস। বাড়িতে এসেছিলেন মাস ছয়েক আগে। তবে পরিবারের সঙ্গে নিয়মিতই যোগাযোগ ছিল তাঁর। জানিয়েছিলেন, আটকে থাকা জাহাজ ছাড়া পেলে শিগগিরই বাড়ি ফিরবেন। কিন্তু ওই দিন বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ রাশিয়ার সৈন্যদের রকেট হামলার শিকার হলে নিহত হন হাদিসুর রহমান আরিফ।
আরিফ উত্তর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের পড়াশোনা শেষ করে বেতাগী সরকারি পাইলট মাধ্যমিক উচ্চবিদ্যালয় থেকে ২০০৮ সালে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। ২০১০ সালে জিপিএ-৪.৬০ নিয়ে বেতাগী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ভর্তি হন চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমিতে। ২০১২ সালে সেখান থেকে সিজিপিএ ২.৬৮ নিয়ে বিএমএস পাস করে ২০১৪ সালে সিঙ্গাপুরের একটি জাহাজে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, ‘আরিফ ২০১৮ সাল থেকে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে ছিল। শ্রীলঙ্কা থেকে গত ১২ ডিসেম্বর সে ইউক্রেনের উদ্দেশে গিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আরিফের মরদেহটি যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয় এবং তাঁর পরিবার যেন আর্থিক সহযোগিতা পায়।’
স্বজনেরা জানান, আট বছর ধরে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন জাহাজে কর্মরত ছিলেন আরিফ। বুধবার জাহাজ থেকে ছোট ভাই গোলাম মাওলা প্রিন্সকে ফোন করেন তিনি। নেটওয়ার্ক না থাকায় জাহাজের ওপরে উঠে প্রিন্সের সঙ্গে কথা বলার সময় জাহাজে একটি বিকট শব্দ হওয়ার পর আরিফের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়।
আরিফের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স বলেন, ‘রাত সাড়ে ৯টায় সর্বশেষ ভাইয়ার সঙ্গে কথা হয়। রাশিয়ান সৈন্যদের হামলার সময় ভাইয়া বাইরে এসে আমাকে ফোন দিয়েছিলেন। কথা বলার সময় হঠাৎ একটি বিকট শব্দ হয়। পরে কিছুই শুনতে পাইনি। আমার ভাই ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান। আমার ভাইকে তো আর ফিরে পাব না, এখন আমরা শুধু লাশটা ফিরে পেতে চাই।’
নিহত আরিফের সেজো ভাই তরিকুল ইসলাম তারেক বলেন, ‘আমার ভাই মারা গেছে দেশের জন্য। এবার বাড়ি ফিরে বিয়ে করার কথা ছিল তার। আমরা মেয়েও দেখে রেখেছিলাম। কিন্তু এখন সব শেষ। সরকারের কাছে এখন একটাই দাবি, আমার ভাইয়ের লাশটা আমাদের কাছে ফিরিয়ে এনে দিন।’
হাদিসুর রহমানের মা রাশিদা বেগম বলেন, ‘বাবায় কইছিলে আমারে বিদেশ নিয়া যাইবে, জাহাজ ঘুরাইয়া দেখাইবে। কিন্তু তা আর হইল না, আল্লাহ তারে নিয়া গেল। আমার ছেলে তো আর বাইচ্চা নাই। এহন লাশটা যাতে পাইতে পারি সে জন্য সরকারের কাছে অনুরোধ রইল। লাশ না পাইলে আমার বাবার চিহ্নটাই থাকবে না।’
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, ‘আমরা নিহতের পরিবারের খোঁজ-খবর নিয়েছি। যে ঘটনাটি ঘটেছে, সেটা দেশের বাইরে। তাই তাঁর মরদেহ ফেরত আনার বিষয়ে যে প্রক্রিয়া, সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। আপনারা একটু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করুন।’
এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় হাদিসুর রহমান আরিফের গ্রামের বাড়ি পরিদর্শনে আসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। এ সময় তিনি হাদিসের শোকার্ত পিতামাতাকে সান্ত্বনা দেন এবং মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে আশ্বস্ত করেন।
আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছেন। তিনি ইতিমধ্যে নৌপরিবহনমন্ত্রীকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আরিফের মরদেহ দেশে আনার এবং সেখানে আটকে থাকাদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আমরা আশাবাদী, মরদেহটি চলে আসবে এবং সেখানে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে আনা হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে