বরিশালের মুলাদীতে মেয়েকে উত্ত্যক্ত করার বিচার চাইতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন এক বাবা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙ্গা বাজার এলাকায় তাঁকে পিটিয়ে মারাত্মক আহত করে বখাটেরা।
ভুক্তভোগী চরকালেখান ইউনিয়নের বড়কান্দি এলাকার বাসিন্দা। অভিযোগ রয়েছে, একই ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামের কালাম ঘরামীর ছেলে নাঈম ঘরামী, রুস্তুম আলী সরদারের ছেলে খবির সরদারের নেতৃত্বে পাঁচ-ছয়জন বখাটে এই হামলা চালায়।
ভুক্তভোগী বাবা বর্তমানে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি জানান, তাঁর মেয়ে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে টমটম (অটোরিকশা) চালক নাঈম ঘরামী তাঁকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রী তার নানা বাড়ি যাওয়ার পথে মাস্তান বাজার এলাকায় নাঈম পথরোধ করে এবং হাত ধরে টানাহেঁচড়া করে। একপর্যায়ে ছাত্রী খালে ঝাঁপ দিয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে উদ্ধার করে। ওই সময় নাঈম ঘরামী পালিয়ে যায়।
বিকেলেই বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানিয়ে বিচার দাবি করেন ভুক্তভোগী। এরপর সন্ধ্যায় বখাটেরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে খুঁজতে বের হয়। ভয়ে পরদিন শুক্রবার সকালে তিনি বিদ্যালয়ে লিখিত অভিযোগ দেন। প্রধান শিক্ষক অভিযুক্তদের হাজির হতে নোটিশ দিলে তারা ক্ষিপ্ত হয়। স্কুল থেকে ফেরার পথে গলইভাঙ্গা স মিল এলাকায় আনোয়ার মাতুব্বরের ওপর হামলা চালায় বখাটেরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন বলেন, ‘স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের নোটিশ করা হয়েছিল। ছাত্রীর বাবাকে মারধরের ঘটনাও শুনেছি।’
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘ঘটনার বিষয়ে মোবাইল ফোনে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে