
বরগুনার বেতাগীতে বিদ্যুৎ অফিসকে না জানিয়ে কাটা গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। এতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ওই লাইনের পাশে বসবাসকারী পরিবারের সদস্যরা। তবে গাছ কর্তনকারী ব্যবসায়ীদের এমন কাজে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত বলে জানিয়েছে বিদ্যুৎ অফিস।
বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পল্লী বিদ্যুৎ অফিসকে জানায়। পরে ওই লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলা মোকামিয়া ইউনিয়নের মালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে বেতাগী থানায় গতকাল রাতেই একটি লিখিত অভিযোগ করেছেন স্থানীয় একজন।
বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, কেউ লাইনের পাশে থাকা গাছ কাটলে বিদ্যুৎ অফিসকে আগেই জানানোর নিয়ম। যদি বিদ্যুৎ অফিসকে জানানো হয় তাহলে যতক্ষণ গাছ কাটে ততক্ষণ লাইন বন্ধ রাখা যায়। লাইনের পাশের গাছ কাটার সময় বিদ্যুৎ লাইন বন্ধ না রাখলে বড় ধরনে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।
থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত দুইদিন যাবৎ মো. আব্দুল হাকিম নামে এক গাছ ব্যবসায়ী মোকামিয়ার মালবাড়ি এলাকায় শ্রমিক দিয়ে গাছ কাটার কাজ করাচ্ছেন। ঘটনার দিন বিদ্যুৎতের মেইন লাইন সংলগ্ন গাছ কাটার সময় গাছের ডাল তারের ওপরে পড়ে তার ছিঁড়ে গিয়ে আগুন জ্বলতে থাকে। বিষয়টি তখন ওই বাড়ির বাসিন্দাদের নজরে এলে তারা তাৎক্ষণিক বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে জানায়। তখন বিদ্যুৎ অফিস সংযোগ বন্ধ করে দেয়।
মাল বাড়ির বাসিন্দা আবদুস সত্তার আজকের পত্রিকাকে বলেন, ‘হাকিমের শ্রমিকেরা গাছ কেটে বিদ্যুতের তারের ওপর ফালাইছে। এতে প্রায় ৬ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। তবে দুর্ঘটনা ঘটতে পারত। অনেক সময় আগুন ধরে যায়, তবে কভার তারের কারণে হয়তো বড় দুর্ঘটনা ঘটেনি।’
তিনি আরও বলেন, ‘মুই দরজার দিকে আলহাম (ছিলাম)। বাড়িতে এসে শুনি কারেন্টের তার ছিঁড়ছে। সে সময় ছালামেরে (আরিফ মাল) পাঠাইছি এবং বলছি দেখ দেখি, আমাদের অবস্থাটা কি হইবে। ছালাম গেছে, আমিও পিছ পিছ গেছি। এর মধ্যেই মিঠু (মসিউর রহমান মিঠু মাল) নদীর পাড়ে ছিল, তখন বিদ্যুতের লোক যাচ্ছিল, তাদের (বিদ্যুৎ অফিসের লোকজন) নিয়ে এসে বলে আমাদের তার ছিঁড়ছে। তারা এসে বলে মোরা (আমরা) তার জোড়াবো না। তখন হাকিমেরে ফোন দিলে, হাকিম ক্ষতিপূরণ দিতে রাজি হয়, তখন বিদ্যুৎ অফিসের লোকজন তার মেরামত করে দেয়।’
উপস্থিত কয়েকজন বলেন, গাছের ক্ষতি যেন কম হয় সেই কথা ওদের বলায় জিদ করে গাছ ভাঙছে। হাকিমের শ্রমিকেরা অপরিকল্পিতভাবে গাছ কাটায় বিদ্যুৎতের তার ছিঁড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারত। বাড়ির কোনো ছোট ছেলে মেয়ে ওই তার ধরলে তাৎক্ষণিক তার মৃত্যু হতো। এ বিষয়ে জিজ্ঞাসা করাতে লেবাররা মারতে তেড়ে আসে।
এ বিষয়ে বেতাগী পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) দূর্যোধন বালা আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুৎ লাইনের আশেপাশে গাছ কাটার সময়ে আমাদের জানালে আমরা তখন বিদ্যুৎ লাইনটি বন্ধ করে দেই। কিন্তু যদি আমাদের না জানিয়ে কেউ বিদ্যুৎ লাইনের আশেপাশে গাছ কাটে তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।’
তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হাকিমের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।
বেতাগী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে