
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক কমিটির দুই সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ফুটপাতের হকাররা। গতকাল মঙ্গলবার রাতে নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় একটি মার্কেটের সামনে থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় আজ বুধবার ইপিজেড থানায় হওয়া চাঁদাবাজির মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসাদুজ্জামান রাফি (২৭) ও আবদুল কাদের ইমন (২৬)। তাঁদের মধ্যে আসাদুজ্জামান বাগেরহাটের শরণখোলা উপজেলার এবং আবদুল কাদের ইমন নোয়াখালীর কবিরহাট উপজেলার বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তার দুজনই জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রামের ইপিজেড থানা কমিটির সদস্য। গত ২৪ ফেব্রুয়ারি এই প্রতিনিধি কমিটির অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন। কমিটির ৬৬ জনের তালিকায় সবার ওপরে নাম রয়েছে আসাদুজ্জামান রাফির।
চট্টগ্রামের ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে তথাকথিত সমন্বয়ক পরিচয়ে হকারদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। হকারদের অভিযোগ, তাঁদের কাছে কয়েকজন যুবক এসে চাঁদা দাবি করেছিলেন। না দেওয়ায় তাঁদের ওপর চড়াও হন তাঁরা। একপর্যায়ে হকার ও স্থানীয়রা মিলে দুজনকে আটক করে পুলিশে খবর দেন।

এ ঘটনায় মো. আজিম নামের এক হকার বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা সমন্বয়ক পরিচয়ে ফুটপাতে বসা হকারদের কাছ থেকে বেশ কয়েক দিন ধরে চাঁদা নিচ্ছেন। মঙ্গলবার দিনের টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় তাঁদের ওপর ক্ষিপ্ত হয়। একপর্যায়ে রাতে তাঁরা ৩০ হাজার টাকা চাঁদার দাবিতে হকারদের গালাগাল করে। ওই সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অজ্ঞাতনামা ৩-৪ জন ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরে হকার ও স্থানীয়রা মিলে ইমন ও রাফিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নীলা আফরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার রাতে ঘটনার বিষয়ে খবর পেয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি, যে অভিযোগ উঠেছে, সেটা প্রাথমিক তদন্ত করে তাঁরা যদি দোষী সব্যস্ত হন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। আমাদের তরফ থেকে কোনো হস্তক্ষেপ করা হবে না। পুলিশ সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।’
নীলা আফরোজ বলেন, ‘সন্ত্রাসী কিংবা চাঁদাবাজদের দলীয় কোনো পরিচয় নেই। সে যে দলরই হোক, তাঁদের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। জাতীয় নাগরিক কমিটির দুই সদস্যের বিষয়ে যে অভিযোগ উঠেছে, প্রচলিত আইন অনুযায়ী তাঁরা শাস্তি পাবেন। সাংগঠনিকভাবে আমরা তাঁদের বহিষ্কার করব।’
নীলা আফরোজ আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক কমিটির একটি প্রতিনিধি কমিটি হয়েছিল, সেখানে অভিযুক্ত দুজন সদস্য হিসেবে ছিলেন। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় অভিযোগ এসেছিল। অভিযোগ পেয়ে তখন আমরা বলেছি, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।’ এ ছাড়া নাগরিক কমিটির যেসব থানা কমিটি রয়েছে, সেগুলো ঈদের পর বিলুপ্ত করার সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তিনি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে