
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফিটনেসবিহীন কোনো লঞ্চ ২৬ মার্চের পর চাঁদপুর-ঢাকা নৌপথে চলবে না। লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। লঞ্চে ওঠা থেকে নামা পর্যন্ত প্রত্যেক যাত্রীকে সঠিক সেবা দিতে হবে।
নদীপথে ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আজ বুধবার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি এসব কথা বলেন। দুপুরে শহরের মাদ্রাসা রোড লঞ্চঘাটসংলগ্ন এলাকায় এ সভা হয়।
মোহসীন উদ্দিন বলেন, ‘সামনে আমাদের ঈদ। যাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। প্রতিটি লঞ্চকে শতভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিষয়টি লঞ্চমালিক কর্তৃপক্ষ দেখবে।’
ডিসি জানান, প্রতিটি লঞ্চে চারজন আনসার সদস্য থাকবেন। যেখানে-সেখানে নৌকা থামিয়ে যাত্রী তোলা যাবে না। ঈদের পাঁচ দিন আগে যাত্রীদের নিরাপত্তায় লঞ্চঘাটে ম্যাজিস্ট্রেট থাকবেন। সেখানে কোনো সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের চালক যাত্রী টানাহেঁচড়া করলে শুধু ৫০০ টাকা জরিমানা নয়, পাশাপাশি তাঁদের বাহনও জব্দ করা হবে। নদীতে বাল্কহেড চলাচল দিনে ও রাতে বন্ধ থাকবে। যাত্রী পারাপারের জন্য স্পিডবোট দিনে চললেও রাতে চলবে না।
ডিসি বলেন, সময়টা অনেক খারাপ, তাই সবাইকে সচেতন থাকতে হবে। (দেখতে হবে) যাত্রী কী নিয়ে লঞ্চে উঠছে, কী নিয়ে নামছে। এর জন্য লঞ্চঘাটে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন। এ ছাড়া লঞ্চঘাটে একটি কন্ট্রোল রুম খোলা হবে।
মোহসীন উদ্দিন বলেন, অনেক যাত্রী ময়লা-আবর্জনা ফেলে নদীদূষণ করে। বিষয়টিতে লঞ্চ কর্তৃপক্ষ নজর দেবে। প্রয়োজনে লঞ্চের প্রতিটি ফ্লোরে হ্যান্ডমাইক দিয়ে মাইকিং করতে হবে। একটি সুন্দর ঈদ উদ্যাপনে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

সভায় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান, বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য, লঞ্চমালিক প্রতিনিধি রুহুল আমিন হাওলাদার, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এস ইকবাল প্রমুখ।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২০ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে