
চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদক কারবারে বাধা দেওয়ায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় এমন অভিযোগ করেছেন তাঁর স্ত্রী মোমেনা আক্তার।
মোমেনা বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি করেন। এতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ রাতভর অভিযান চালিয়ে এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করে। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন দক্ষিণ রহমতনগরের মো. আনোয়ার, হাতিলোটার মো. বশির (৩৪), মুরাদপুরের মো. রাসেল ওরফে মুরগি রাসেল ও পেশকারপাড়ার মো. আরমান শাকিল (৩৮)। তাঁদের মধ্যে বশির বাড়বকুণ্ড ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, রাসেল মুরাদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, আরমান মুরাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও আনোয়ার স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা।
মামলা সূত্রে জানা গেছে, এলাকায় প্রকাশ্যে মাদকের কারবার ও দলীয় আধিপত্য বিস্তারে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কৃষক দলের নেতা নাছির। এ নিয়ে আসামিদের সঙ্গে তাঁর একাধিকবার বাগ্বিতণ্ডা হয়েছিল এবং আসামিরা তাঁকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছিলেন। যার জেরে আসামিরা পরিকল্পিতভাবে গত বুধবার ইফতারের পর বাড়ি থেকে গরুর খামারে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী নাছিরের গতিরোধ করেন। পরে নাছিরের সঙ্গে থাকা প্রতিবন্ধী ছেলে নাফিজ উদ্দিনকে দূরে সরিয়ে নিয়ে নাছিরকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, কৃষক দলের নেতা নাছির হত্যার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁদের আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে