
চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে নাজমা আকতার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের স্বামী আবদুল জব্বারকে আজ শনিবার ভোররাতে উপজেলার হাশিমপুর পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নাজমা আকতারের ভাই তারেক বাদী হয়ে গতকাল রাতেই চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন। এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুর বাউলিয়াপাড়া গ্রামে পারিবারিক বিষয়ে আবদুল জব্বারের সঙ্গে তাঁর স্ত্রী নাজমা আকতারের ঝগড়া লাগে। এ সময় নাজমা রান্নাঘরে রান্না করছিলেন। ঝগড়ার একপর্যায়ে আবদুল জব্বার বাড়িতে প্লাস্টিক বোতলে রাখা অকটেন এনে রান্নাঘরে স্ত্রীর দিকে ছোড়েন। এ সময় চুলার আগুন অকটেনে লেগে ছড়িয়ে পড়ে। এতে নাজমা আকতারের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। বাড়ির সদস্যরা নাজমা আকতারকে দ্রুত দোহাজারী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁকে চমেক হাসপাতালে পাঠান।
দোহাজারী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উর্মি চক্রবর্তী জানান, নাজমার শরীরের ৬০ ভাগ পুড়ে গিয়েছিল। চেহারা পুড়ে কালো হয়ে গেছে। হাত, পা ও শ্বাসযন্ত্রসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৩টার দিকে নাজমা মারা যান।
নিহত নাজমা বাউলিয়া পাড়া গ্রামের সেলিম উদ্দীনের মেয়ে। তাঁর স্বামী আবদুল জব্বারের বাড়ি জেলার দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকায়। ৬-৭ বছর আগে সামাজিকভাবে তাঁদের বিয়ে হয়। তাঁদের ঘরে দুই সন্তান রয়েছে। একমাস আগে পারিবারিক কলহের জেরে নাজমা অভিমান করে দক্ষিণ হাশিমপুর বাউলিয়াপাড়া গ্রামের বাড়িতে চলে আসেন। আবদুল জব্বার তাঁর শ্বশুর বাড়ি গিয়েই গতকাল রাতে এই ঘটনা ঘটান।
ওসি ইমরান আল হোসাইন বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হই। অকটেনের আগুনে দগ্ধ নাজমা গতকাল রাত ৩টার দিকে চমেক হাসপাতালে মারা যান। এ ঘটনায় রাত থেকে অভিযান চালিয়ে ভোররাতে স্বামী আবদুল জব্বারকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে