
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত শাকিল যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই ছাত্রদলের নেতা শুভ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনাস্থলে তিন হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
গতকাল সোমবার রাত ৮টার দিকে ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজার এলাকার ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ও আহত শুভ ওই এলাকার সোলাইমান খোকনের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন—আলাইয়াপুর ইউনিয়নের ধীবপুর গ্রামের খোকন মেম্বারের ছেলে মোরশেদ আলশ (২৪), একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জীবন (২৪) ও মনির হোসেন (২২)।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে শাকিল ও শুভসহ কয়েকজন ইসলামীয়া মার্কেটের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে। তখন শাকিলসহ আরও কয়েকজন তাদের বাধা দিলে সন্ত্রাসীদের সঙ্গে হাতাহাতি হয়। এর একপর্যায়ে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে এবং পরে পালিয়ে যাওয়ার জন্য এলোপাতাড়ি গুলি ছুড়লে শুভ গুলিবিদ্ধ হন। এ সময় স্থানীয়রা অস্ত্রধারীদের ধাওয়া করে তিন সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয়। তাৎক্ষণিক এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‘শাকিল যুবদলের একজন সক্রিয় কর্মী। রাজনৈতিক সব প্রোগ্রামে তাঁর উপস্থিতি ছিল। এ ছাড়া তাঁর ভাই শুভ ওয়ার্ড ছাত্রদলের নেতা। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবি করছে। আর ধীবপুর থেকে এসে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের দাবি জানাই।’
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে ব্যবহৃত একটি গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারীরা অস্ত্র পাশের একটি ডোবার মধ্যে ফেলে দিয়েছে। আমরা পানি সেচে সেটি উদ্ধারের চেষ্টা করছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। ঘটনায় জড়িত অপর ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।’
আরও খবর পড়ুন:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৮ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে